পাটশিল্পের উন্নয়নে দুর্নীতি বন্ধ ও নীতিমালা প্রণয়ন জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাটশিল্পের উন্নয়নে পাট কেনা ও বিক্রিতে দুর্নীতি বন্ধ করতে হবে। এ ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সম্পত্তির হিসাব নিতে হবে, পাশাপাশি পাটনীতি প্রণয়নও জরুরি হয়ে পড়েছে।‘বাংলাদেশের পাট অর্থনীতি: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। গতকাল শনিবার সকালে নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ বৈঠকের আয়োজন করে পাট ও পাটশিল্প রক্ষা কমিটি। সহযোগিতায় ছিল সংশপ্তক, সিপি ও অ্যাকশনএইড। বৈঠকে প্রধান অতিথি ছিলেন সাংসদ মঈনউদ্দীন খান বাদল। অতিথি বক্তা ছিলেন চট্টগ্রাম ইস্ট-ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ সিকন্দার খান, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফর আলী ও ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রামের সভাপতি তপন দত্ত। ধারণাপত্র পড়েন পাট ও পাটশিল্প রক্ষা কমিটির সাধারণ সম্পাদক খালিদ হোসেন।সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনজুর-উল-আমিন চৌধুরী। বৈঠক পরিচালনা করেন পাট ও পাটশিল্প রক্ষা কমিটির সদস্য মামুনুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক এম নাসিরুল হক, নাজিমুদ্দীন, আলী হায়দার, বেলায়েত হোসেন, শ্রমিকনেতা মো. নুরুল ইসলাম, মো. জাহাঙ্গীর, ফজলুল করিম, মফিজুর রহমান, শ্যামলী মজুমদার, আবু জাহেদ প্রমুখ।বক্তারা অভিযোগ করে বলেন, সরকারের কাছ থেকে ইজারা নেওয়া পাটকলগুলো এখন গুদামে পরিণত হয়েছে। প্রায় যন্ত্রপাতি বিকল হয়ে পড়েছে। যাঁদের এগুলো পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁরা সবাই দুর্নীতিগ্রস্ত।ধারণাপত্রে খালিদ হোসেন বলেন, দেশের অর্থনীতিকে টেকসই ও মজবুত করতে পাট ও পাটশিল্পের কোনো বিকল্প নেই। তাই পাট ও পাটশিল্প রক্ষা ও উন্নয়নে পাটচাষি ও শ্রমিকদের স্বার্থরক্ষায় বিভিন্ন উদ্যোগ এখনই নেওয়া উচিত। এর ফলে দেড় কোটি মানুষের জীবন-জীবিকা যেমন রক্ষা পাবে, তেমনি ভবিষ্যতে আরও কর্মসংস্থান সৃষ্টি হবে।