পাটাতন দেবে যাওয়ার পরও ঝুঁকি নিয়ে চলছে ভারী যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার সোহাগপুরে ধরলা নদীর ওপর বেইলি সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সেতুটির তিনটি পাটাতন (স্টিল) দেবে গেছে। যেকোনো মুহূর্তে তা ভেঙে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। এর পরও ঝুঁকি নিয়ে সেতুটির ওপর দিয়ে ভারী যান চলাচল অব্যাহত রয়েছে।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের লালমনিরহাট কার্যালয় থেকে জানা গেছে, সওজের নির্মিত সেতুটি ১৯৯২ সালে চালু করা হয়। ১৪৮ মিটার দীর্ঘ ও ৩ মিটার প্রস্থের এই সেতুটির ওপর পাটাতন বসানো হয়। সেতুটির ওপর দিয়ে বিভিন্ন যানবাহনে উপজেলার জগৎবেড়, পাটগ্রাম, শ্রীরামপুর, জোংড়া ইউনিয়নসহ পৌরসভার তিনটি ওয়ার্ডের অন্তত দেড় লাখ মানুষ যাতায়াত করে। পাশাপাশি পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন ধরনের ভারী যানবাহনও এই সেতুর ওপর দিয়েই চলাচল করে। ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় কয়েক বছর আগে সেতুটি দিয়ে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞাসংবলিত একটি সাইনবোর্ড টাঙানো হয়। এর পরও ভারী যান চলাচল অব্যাহত থাকায় সম্প্রতি সেতুটির তিনটি পাটাতন দেবে যায় এবং বড় বড় ফাটল দেখা দেয়।

২৭ অক্টোবর সরেজমিনে দেখা গেছে, সেতুটির পূর্ব ও পশ্চিম পাশের প্রবেশমুখসহ পাটাতনের বিভিন্ন জায়গায় বড় বড় ফাটল এবং তিনটি পাটাতনে গর্তের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী জানান, গত জুলাই মাসে সেতুর একটি পাটাতন থেকে আরেকটি পাটাতনের মাঝখানের এক থেকে দেড় ফুট অংশ দেবে যায়। পরে আরও দুটি পাটাতন দেবে যায়।

পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আজিজুল হক বলেন, কয়েক বছর আগে ভারী যান চলাচলের ওপর নিষেধাজ্ঞাসংবলিত একটি সাইনবোর্ড টাঙায় সওজ কর্তৃপক্ষ। এর পরও ভারী যানবাহন চলাচল অব্যাহত থাকায় পাটাতন দেবে গেছে এবং ফাটল দেখা দিয়েছে। এখনো ভারী যান চলাচল অব্যাহত থাকায় যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এ ব্যাপারে সওজের লালমনিরহাট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সুরুজ মিয়া বলেন, সেতুটির যেসব পাটাতনে ফাটল ধরেছে, সেসব পাটাতনের একটি কিছুদিন আগে মেরামত করা হয়। সেতুটি কংক্রিট দিয়ে নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই সেতুটি পুনর্নির্মাণ করা হবে।