পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাটাতন ভেঙে পড়ায় সখীপুর-বাটাজোর সড়কের কীর্ত্তনখোলা বাজারের কাছের ধুমখালী এলাকায় বেইলি সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন l ছবি: প্রথম আলো
পাটাতন ভেঙে পড়ায় সখীপুর-বাটাজোর সড়কের কীর্ত্তনখোলা বাজারের কাছের ধুমখালী এলাকায় বেইলি সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন l ছবি: প্রথম আলো

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কীর্ত্তনখোলা বাজারের পশ্চিম পাশের ধুমখালী এলাকার বেইলি সেতুর একটি পাটাতন ভেঙে পড়ায় দুই সপ্তাহ ধরে সখীপুর-বাটাজোর সড়কে ভারী যান চলাচল বন্ধ রয়েছে। এতে স্থানীয় ব্যবসায়ীদের মালামাল পরিবহন করতে সমস্যা হচ্ছে। পাশাপাশি এ অবস্থায় হালকা যানবাহন সেতুর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সখীপুর কার্যালয় ও স্থানীয় সূত্র জানায়, সখীপুর-বাটাজোর সড়ক দিয়ে সহজে সখীপুর থেকে গাজীপুরের শ্রীপুর, ময়মনসিংহের ভালুকা, গফরগাঁও এবং ময়মনসিংহ সদরে যাতায়াত করা যায়। এ ছাড়া সখীপুর থেকে ঢাকায় যাতায়াতের বিকল্প সড়কও এটি। প্রতিদিন ওই সড়কে ট্রাক, প্রাইভেট কার, মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশাসহ হাজারখানেক যান চলাচল করে।

ওই সড়ক দিয়ে চলাচল করেন কালিয়ানপাড়া গ্রামের বাসিন্দা ও স্কুলশিক্ষক মো. তাইবুর রহমান। তিনি বলেন, ব্রিজটি খুবই জরাজীর্ণ। এটি ২৫-৩০ বছর আগে নির্মাণ করা হয়েছে। শিগগিরই এর সংস্কার করা না হলে যেকোনো মুহূর্তে প্রাণহানির ঘটনা ঘটতে পারে।

কীর্ত্তনখোলা গ্রামের বাসিন্দা শহীদুল ইসলাম বলেন, ওই সেতু দিয়ে ট্রাক না চলায় ইট-বালুসহ নানা নির্মাণসামগ্রী আনা-নেওয়া করা যাচ্ছে না। ফলে ১৫ দিন ধরে বাড়ির নির্মাণকাজ বন্ধ রয়েছে।

সখীপুরের কাঁচামাল ব্যবসায়ী শামসুল হক বলেন, ওই সড়কে ট্রাক-বাস না চলায় ময়মনসিংহ ও ভালুকায় মাল পাঠাতে অতিরিক্ত রাস্তা ঘুরতে হয় বলে বেশি ভাড়া গুনতে হচ্ছে।

এ বিষয়ে সখীপুর উপজেলা প্রকৌশলী ফাহাদ আল কুদ্দুস বলেন, শিগগিরই বেইলি সেতুর ভেঙে যাওয়া পাটাতনের স্থানে আরেকটি নতুন পাটাতন লাগানো হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে।