পাটাতন ভেঙে সেতু মরণফাঁদ
বগুড়ার ধুনট-শেরপুর সড়কের মাঠপাড়া বেইলি সেতুর একটি পাটাতন দুই দিন আগে ভেঙে যায়। এতে ওই সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ অবস্থায় এর ওপর দিয়ে চলাচল করতে গিয়ে সাত-আটটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। একই কারণে কয়েকজন পথচারীও আহত হয়েছেন।সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের বগুড়া কার্যালয় সূত্রে জানা গেছে, ধুনট-শেরপুর পাকা সড়কের মাঠপাড়া গ্রামে ১৯৯২ সালে একটি বেইলি সেতু নির্মাণ করা হয়। এর দৈর্ঘ্য ৩০ মিটার। নিয়মানুযায়ী ওই সেতুর ওপর দিয়ে সর্্বোচ্চ ১০ মেট্রিক টন ধারণক্ষমতার যানবাহন চলাচল করার কথা। কিন্তু সেই নিয়ম উপেক্ষা করে সেতুর ওপর দিয়ে সর্বোচ্চ ৪০ মেট্রিক টন ওজনের পাথরবোঝাই ট্রাক পারাপার হয়। এ কারণে এটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ সেতুর ওপর দিয়ে ধুনট, সোনামুখী, গোশাইবাড়ী, মথুরাপুর, জোড়শিমুল, ঢেঁকুরিয়া ও সোনাহাটাসহ সাতটি সড়কের যানবাহন চলাচল করে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুই বছর আগে ওই সেতুর কয়েকটি পাটাতন ভেঙে যায়। তখন সওজ জোড়াতালি দিয়ে সেতুটি সংস্কার করেছিল। সঠিকভাবে সংস্কার না করায় বৃহস্পতিবার সকালে সেতুর একটি পাটাতন ভেঙে যায়। ইতিমধ্যে ওই সেতু দিয়ে রাতের বেলায় চলাচল করতে গিয়ে ঠেকুরিয়া গ্রামের মেহের আলী, শেরপুরের আবদুল হাই, হেলাল উদ্দিন, ধুনটের মাহবুবুর রহমানসহ অনেকে আহত হয়েছেন। মাঠপাড়া এলাকার বাসিন্দা মৌজদার হোসেন জানান, গত দুই দিনে সেতুর ফাঁকা স্থানে চাকা পড়ে যাওয়ায় সাত-আটটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।গতকাল শনিবার সকালে মাঠপাড়া এলাকায় গিয়ে সেতুর ভাঙা স্থানে একটি সিএনজিচালিত অটোরিকশা আটকে পড়ে থাকতে দেখা যায়। সওজের বগুড়া কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী হামিদুল হক বলেন, নিয়মনীতি উপেক্ষা করে অতিরিক্ত ওজনের ট্রাক চলাচল করায় সেতুর পাটাতন নষ্ট হয়ে গেছে। বেইলি সেতুর নির্মাণসামগ্রী দেশের বাইরে থেকে আনতে হয়। বর্তমানে বিদেশ থেকে আমদানি না থাকায় ভেঙে যাওয়া পাটাতনটি বদলানো সম্ভব হচ্ছে না। তবে দুই-এক দিনের মধ্যে এটির সংস্কারকাজ শুরু করা হবে।