পাটাতন ভেঙে সেতু মরণফাঁদ
বগুড়ার ধুনট-শেরপুর সড়কের মাঠপাড়া বেইলি সেতুটি মেরামতের ৭৫ দিনের মাথায় পাটাতন ভেঙে যাওয়ায় আবারও এটি মরণফাঁদে পরিণত হয়েছে।স্থানীয় সূত্র জানায়, দুই বছর আগে সেতুটির কয়েকটি পাটাতন ভেঙে যাওয়ায় এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সওজ তখন জোড়াতালি দিয়ে সেতুটি সংস্কার করে। গত ৪ ও ১৫ ফেব্রুয়ারি সেতুটির পাটাতন ভেঙে পড়ে। সর্বশেষ ১৭ ফেব্রুয়ারি সেতুটি মেরামত করা হয়। কিন্তু গত মঙ্গলবার রাতে সেতুর পাটাতন আবারও ভেঙে যান চলাচল হুমকির মুখে পড়ে।মাঠপাড়া গ্রামের খোকা মিয়া জানান, এই ভাঙা সেতুর ওপর দিয়ে রাতে চলাচল করতে গিয়ে পাটাতনের প্লেটের সঙ্গে লেগে অনেকে আহত হয়েছেন। এ ছাড়া অনেক যানবাহনের চাকা ভাঙা অংশে আটকে ক্ষতিগ্রস্ত হচ্ছে।সওজ অধিদপ্তর বগুড়ার উপবিভাগীয় প্রকৌশলী হামিদুল হক জানান, বারবার নিয়মনীতি উপেক্ষা করে অতিরিক্ত মালবোঝাই ট্রাক চলাচলের কারণে সেতুর পাটাতন নষ্ট হয়ে গেছে। দু-এক দিনের মধ্যে সেতুটির ভাঙা স্থান মেরামত করা হবে।