পাটাতনে ফুটো, খুলে পড়ছে নাট-বল্টু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩০ বছর আগের বেইলি সেতু। মেয়াদোত্তীর্ণ হয়েছে অনেক আগে। ফুটো হয়ে গেছে পাটতন। খুলে পড়ছে নাট-বল্টু। কক্সবাজারের চকরিয়া উপজেলার বানিয়ারছড়া-পহরচাঁদা সড়কের হারবাং ছড়ার ওপর নির্মিত বেইলি সেতুটির এখন এই হাল। ঝুঁকি নিয়ে চলাচল করছে স্থানীয় লোকজন।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ, চকরিয়ার উপসহকারী প্রকৌশলী মুহাম্মদ শহিদুল আলম প্রথম আলোকে বলেন, ১৯৮৫ সালে হারবাং ছড়ার ওপর ১২০ ফুট দৈর্ঘ্যের বেইলি সেতুটি নির্মিত হয়। বর্তমানে এটি মেয়াদোত্তীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ২০১৪ সালে সেতুটি পাকা (আরসিসি সেতু) করার জন্য ঢাকায় প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন এলে প্রাক্কলন ব্যয় নির্ধারণ করে দরপত্র আহ্বান করা হবে।
সরেজমিনে দেখা যায়, সেতুর বিভিন্ন স্থানে নাট-বল্টু খুলে পড়ে গেছে। আরও কয়েকটি খুলে পড়ার অবস্থায় আছে। ভারী যানবাহন উঠলেই কাঁপে সেতু। কয়েকটি পাটাতন ফুটো হয়ে যাওয়ায় আটকে যাচ্ছে গাড়ির চাকা।
চালকেরা যাত্রী নামিয়ে দিয়ে ঠেলে খালি গাড়ি পার করছেন। হেঁটে যাওয়ার সময়ও ভাঙা পাটাতনে মানুষ আহত হচ্ছে।
অটোরিকশার কয়েকজন চালক বলেন, মহাসড়কে তিন চাকার গাড়ি চলাচল নিষিদ্ধ হওয়ার পর বানিয়ারছড়া-পহরচাঁদা সড়কে যানবাহন চলাচল বেড়েছে। তবে হারবাং ছড়ার বেইলি সেতু ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় অনেক সময় দুর্ভোগ পোহাতে হয়।
চকরিয়া-বানিয়ারছড়া-পহরচাঁদা-বারবাকিয়া-টৈটং-বাঁশখালী সড়কে চলাচলকারী জিপ (চাঁদের গাড়ি) চালক খানে আলম বলেন, ‘গাড়ি বেইলি সেতুতে উঠলে যাত্রীরা ভয় পান। আমরাও ভয়ে ভয়ে সেতু পার হই।’
গাড়িচালক ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বানিয়ারছাড়া-পহরচাঁদা সড়ক দিয়ে পেকুয়া, বাঁশখালী ও কুতুবদিয়া উপজেলার মানুষ চলাচল করে। চকরিয়া উপজেলার বরইতলী ও কৈয়ারবিল ইউনিয়নের মানুষও যাতায়াতে ব্যবহার করে সড়কটি। প্রতিদিন ছোট-বড় মিলিয়ে অন্তত পাঁচ শতাধিক যানবাহন হারবাং ছড়ার বেইলি সেতু পার হয়।
বরইতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিয়াউদ্দিন চৌধুরী বলেন, পেকুয়া ও কুতুবদিয়ার মানুষের চলাচলের জন্য বরইতলী সড়কের শুরুতে বিকল্প সড়ক নির্মাণ হওয়ার পর বানিয়ারছড়া-পহরচাঁদা সড়কটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গুরুত্ব হারিয়ে ফেলে। এ কারণে বেইলি সেতুটি মেয়াদোত্তীর্ণ হলেও পাকা সেতু নির্মাণে কোনো ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ। তবে দ্রুততম সময়ে গন্তব্যে পৌঁছানো যায় বলে এখনো বাঁশখালী, চকরিয়ার বরইতলী, কৈয়ারবিল ও পেকুয়ার মানুষ ওই সড়কটি ব্যবহার করে।