ব্রিটিশ আমলে নির্মিত ৮৭ বছরের পুরোনো চট্টগ্রামের কালুরঘাট সেতুর ওপর দিয়ে ট্রেন ও গাড়ি দুটিই চলে, তবে ঝুঁকি নিয়ে। সংস্কার না হওয়ায় পিচ উঠে প্রায় পৌনে এক কিলোমিটার দীর্ঘ এই সেতুতে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্তের। এই গর্তের ফাঁক দিয়ে দেখা যায় নিচের কর্ণফুলী নদীর প্রবাহ। সেতুর দুই পাশের কাঠের পাটাতন ও লোহার বেষ্টনীর অস্তিত্ব নেই অনেক জায়গায়।
কালুরঘাট সেতু দিয়ে প্রতিদিন ছোট-বড় শত শত গাড়ি চলে। একমুখী এই সেতু পার হওয়া নিয়ে এমনিতেই বিড়ম্বনা পোহাতে হয় যাত্রীদের। সেতুর দুই প্রান্তে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। ভোগান্তি সয়েই প্রতিদিন বোয়ালখালী আর পটিয়া উপজেলার একাংশের লোকজনকে চট্টগ্রাম নগরে যাতায়াত করতে হয়। কেবল বোয়ালখালী উপজেলার প্রায় তিন লাখ মানুষের চট্টগ্রাম নগরে যাতায়াতের একমাত্র পথ এই কালুরঘাট সেতু।
সেতুর বোয়ালখালী অংশের রেলওয়ের গেটম্যান হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, গর্তগুলো মাঝে মাঝে ঠিক করা হয়। গাড়ি চলাচলের কারণে কিছুদিন পর আবার একই অবস্থায় ফিরে আসে। তিনি জানান, প্রতিদিন এই সেতু দিয়ে চট্টগ্রাম-দোহাজারী রুটে দুটি যাত্রীবাহী ট্রেন চলাচল করে। এ ছাড়া তেলবাহী ওয়াগনও (ট্রেন) চলে।
সেতুর টোল তোলার ইজারা পাওয়া প্রতিষ্ঠান এ এন এন্টারপ্রাইজের অংশীদার আইয়ুব আলী প্রথম আলোকে বলেন, সেতু সংস্কারের দায়িত্ব রেলওয়ে কর্তৃপক্ষের। রেলওয়ে সংস্কার না করায় নিজেদের টাকায় তাঁরা সেতু সংস্কার করেছেন। কিন্তু কিছুদিনের মধ্যে আবার গর্তের সৃষ্টি হয়েছে। তিনি জানান, সেতুর দুরবস্থার কথা চিঠি দিয়ে রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এ বিষয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের সেতু প্রকৌশলী শেখ নাইমুল হক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সেতুটির বেহাল অবস্থার বিষয়টি কর্তৃপক্ষ অবহিত আছে। এটি সংস্কার করা হবে।
গতকাল শনিবার বেলা সাড়ে তিনটায় চট্টগ্রাম নগরের দিক থেকে সেতুতে ওঠার রাস্তায় যান চলাচল বন্ধ ছিল। তখন বোয়ালখালী প্রান্ত থেকে নগরের দিকে গাড়ি আসছিল। ঠিক তখনই সেতুর ওপর একটি অটোরিকশা নষ্ট হয়ে যায়। দ্রুত অন্য গাড়ির যাত্রী ও চালকেরা অটোরিকশাটি টেনে নিয়ে যান সেতুতে পথচারীদের অপেক্ষার জন্য নির্ধারিত জায়গায় (স্থানীয়ভাবে দোলনা নামে পরিচিত)। বিকেল চারটায় বোয়ালখালী থেকে গাড়িতে করে সেতু পার হন স্থানীয় সাংসদ মইন উদ্দীন খান বাদল। এর কিছুক্ষণ পর বোয়ালখালী প্রান্তে গাড়ি চলাচল বন্ধ করা হয়। নগরের প্রান্ত থেকে গাড়ি চলাচল শুরু হয়। ততক্ষণে নগর প্রান্তের রাস্তায় গাড়ির সারি প্রায় এক কিলোমিটার পেরিয়ে গেছে।
অটোরিকশাচালক মো. মিজানুর রহমান বলেন, গর্তের কারণে গাড়ি চালিয়ে শান্তি নেই। কিছুদিন পরপর গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়ে যায়। সবচেয়ে বেশি বেকায়দায় পড়তে হয় সেতুর ওপর গাড়ি খারাপ হলে। তখন ভোগান্তির শেষ থাকে না।
বোয়ালখালীর পশ্চিম কধুরখীলের বাসিন্দা ব্যবসায়ী মো. রিয়াদ হোসেন বলেন, ‘প্রতিদিন দুই মিনিটের সেতু পার হতে লেগে যায় ২০-৩০ মিনিট। এর মধ্যে সৃষ্টি হয়েছে খানাখন্দ। এসব খানাখন্দ সংস্কারে কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা নেই।’
বোয়ালখালী-কালুরঘাট সেতু বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক আবদুল মোমিন প্রথম আলোকে বলেন, নিয়মিত ও যথাযথভাবে সংস্কার না করায় সেতুটি বর্তমানে ভঙ্গুর অবস্থায় আছে। প্রতিদিন সেতু পারাপারে হাজার হাজার মানুষ কষ্ট পাচ্ছে। মানুষের দুর্ভোগ লাঘব করার জন্য অবিলম্বে সেতুটি সংস্কার করা দরকার।