পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে আরও দুটি ফেরি যুক্ত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী দু-এক দিনের মধ্যে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে আরও দুটি ফেরি যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। গতকাল শনিবার বিকেলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ঈদে ঘরমুখী যাত্রী ও যানবাহনের চাপ সামাল দিতে নেওয়া বিভিন্ন উদ্যোগ পরিদর্শনে এসে পাটুরিয়া ঘাটে তিনি এ কথা জানান।

নৌমন্ত্রী বলেন, ৭০ বছর পর বাংলাদেশে নতুন দুটি স্টিমার আনা হচ্ছে। আগামী ঈদুল আজহার আগেই এগুলো বরিশালে চলাচলের জন্য বরাদ্দ দেওয়া হবে। তিনি আরও বলেন, ঈদের আগে ও পরে লঞ্চগুলোতে অতিরিক্ত যাত্রী বহন করা হয়ে থাকে। অতিরিক্ত যাত্রী বহনকারী এসব লঞ্চের মালিক ও চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যেক লঞ্চের নিচে ওভারলোড লেভেল দেওয়া রয়েছে। লেভেল অতিক্রম করলে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। তিনি এসব লেভেল দেখে যাত্রীদের লঞ্চে ওঠার পরামর্শ দেন।

এ সময় মন্ত্রীর সঙ্গে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মজিবুর রহমান, মহাব্যবস্থাপক (মেরিন) শওকত সর্দার, মানিকগঞ্জের জেলা প্রশাসক মো. মাসুদ করিম, পুলিশ সুপার (এসপি) বিধান ত্রিপুরা উপস্থিত ছিলেন।