পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়নি
পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে গতকাল বৃহস্পতিবারও নাব্যতা-সংকট ও ফেরি চলাচল পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। ধারণক্ষমতার অর্ধেক লোড নিয়েও এদিন একটি রো রো (বড়) ফেরি দৌলতদিয়া চ্যানেলে আটকা পড়ে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরিটি উদ্ধার করা সম্ভব হয়নি। তবে কয়েকটি ছোট ও চারটি বড় ফেরিতে খুব কম লোড নিয়ে কোনো রকমে পণ্যবাহী কিছু ট্রাক পারাপার করা হচ্ছে। দূরপাল্লার বাসের পারাপার এখনো বন্ধ রয়েছে। উভয় ঘাটে পারাপারের অপেক্ষায় আটকে রয়েছে প্রায় ৭০০ পণ্যবাহী ট্রাক।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্র জানায়, নাব্যতা-সংকট ও প্রবল স্রোতের কারণে ২৫ আগস্ট থেকে দৌলতদিয়া চ্যানেলে দফায় দফায় ফেরি আটকা পড়ায় যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। সংকট নিরসনে ৩০ আগস্ট থেকে চ্যানেলটির পাশে আরেকটি বিকল্প চ্যানেল তৈরিতে খননকাজ শুরু হয়। কিন্তু স্রোতের কারণে সেই কাজও ব্যাহত হচ্ছে। খনন চালালেও স্রোতে উজান থেকে পলি ও বালু এসে চ্যানেলে জমা হয়ে আবারও পানির গভীরতা কমে যাচ্ছে। এই পরিস্থিতিতে ১ সেপ্টেম্বর থেকে নৌপথটিতে যাত্রীবাহী বাসের পারাপার বন্ধ রয়েছে।