পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যানবাহন পারাপারে সংকট কাটছেই না। নদীতে পানি বেড়ে নাব্যতা-সংকট কিছুটা কাটলেও নতুন করে শুরু হয়েছে ফেরি-সংকটের সমস্যা। এর সঙ্গে যুক্ত হয়েছে নদীতে পানির প্রবল স্রোত। এতে ফেরিগুলোকে নদী পারাপারে অতিরিক্ত সময় ব্যয় করতে হচ্ছে। উভয় ঘাটে সার্বক্ষণিক আটকে থাকছে শত শত যানবাহন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্র জানায়, গত ২৫ আগস্ট থেকে এই নৌপথে চরম নাব্যতা-সংকট দেখা দেয়। এর পর থেকে ধারণক্ষমতার এক-তৃতীয়াংশ যানবাহন নিয়েও ফেরিগুলো দৌলতদিয়া নৌ চ্যানেলে সৃষ্ট ডুবোচরে আটকা পড়তে থাকে। নাব্যতা-সংকট কাটাতে খননকাজ শুরু হলেও উজান থেকে পলি ও বালু এসে পুনরায় ভরাট হতে থাকে। খননকাজ ফলপ্রসূ না হওয়ায় তা বন্ধ রাখা হয়। তবে নদীতে পানি বেড়ে যাওয়ায় এক সপ্তাহ ধরে নাব্যতা-সংকট কিছুটা কাটলেও সৃষ্টি হয়েছে ফেরি-সংকটের সমস্যা।
সূত্র জানায়, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যানবাহন পারাপারের জন্য সার্বক্ষণিক ১০টি রো রো (বড়) ও দুটি ছোট ফেরি চলাচল করত। নাব্যতা-সংকটের কারণে সম্প্রতি রো রো ফেরি খানজাহান আলী ও এনায়েতপুরী মাওয়া-কাওড়াকান্দি নৌপথে পাঠানো হয়। এ ছাড়া যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ফেরি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, শাহ পরাণ ও শাহজালালকে মেরামতের জন্য নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে পাঠানো হয়েছে। এ কারণে বর্তমানে মাত্র পাঁচটি রো রো ও পাঁচটি ছোট ফেরি দিয়ে যানবাহন পারাপার সচল রাখা হয়েছে।
সূত্রটি জানায়, আয়তন কম হওয়ায় ছোট ফেরি দিয়ে বড় ফেরির অর্ধেকের বেশি যানবাহন পারাপার সম্ভব হচ্ছে না। তা ছাড়া প্রচণ্ড স্রোতের কারণে ফেরিগুলোর স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ সময় লেগে যাচ্ছে। এতে ফেরির আসা-যাওয়ার সংখ্যা কমে গেছে। এসব কারণে উভয় ঘাটে প্রায় সময় যানবাহনের লম্বা সারি পড়ে যাচ্ছে। গতকাল শুক্রবার বিকেলেও উভয় ঘাটে দেড় শতাধিক যাত্রীবাহী বাস ও সাত শতাধিক পণ্যবাহী ট্রাক নদী পার হওয়ার অপেক্ষায় ছিল। এসব ট্রাকের সারি পাটুরিয়া ঘাট ছেড়ে প্রায় এক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ছিল।
জানতে চাইলে বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শফিকুল ইসলাম বলেন, যাত্রী দুর্ভোগ কমাতে অগ্রাধিকারের ভিত্তিতে যাত্রীবাহী বাসের পাশাপাশি দু-একটি পণ্যবাহী ট্রাক পারাপার করা হচ্ছে। ফলে ঘাট এলাকায় ট্রাকের চাপ থেকেই যাচ্ছে। তিনি বলেন, নারায়ণগঞ্জ ডকইয়ার্ড থেকে মেরামত শেষে তিনটি ফেরি আগামী দু-তিন দিনের মধ্যে আসবে। এরপর সমস্যা কেটে যাবে।
মাওয়া ঘাটেও যানজট: মুন্সিগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, প্রচণ্ড স্রোতের কারণে গতকাল মাওয়া-কাওড়াকান্দি নৌপথেও স্বাভাবিকভাবে ফেরি চলাচল করতে পারেনি। ফেরিগুলোকে অতিরিক্ত সময় নিয়ে যানবাহন পারাপার করতে হয়েছে। এ কারণে উভয় ঘাটে বাস ও পণ্যবাহী ট্রাকের দীর্ঘ জট লেগেই ছিল। যাত্রীদের পোহাতে হয়েছে প্রচণ্ড দুর্ভোগ।
বিআইডব্লিউটিসির উপসহকারী ব্যবস্থাপক আশিকুজ্জামান জানান, স্রোত বেশি থাকায় ফেরি টেনে আনার ক্ষেত্রে টাগবোট ব্যবহার করতে হয়েছে।