উজানে নদীভাঙন ও বন্যার কারণে পদ্মা-যমুনার তলদেশ ভরাট হয়ে যাচ্ছে। কমে যাচ্ছে নৌপথের নাব্যতা। নাব্যতা-সংকটে বেশ কিছু দিন ধরে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে। এর প্রভাব পড়ছে মাওয়া-কাওড়াকান্দি নৌপথে। এই পথে আগের তুলনায় দ্বিগুণের বেশি যানবাহন চলাচল করছে। যানবাহন পারাপারের জন্য ফেরি বাড়ানো হলেও চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে।
গতকাল বেলা ১১টার দিকে পাটুরিয়া ঘাটে গিয়ে দেখা যায়, ৪৪টি বাস, ১৫০টি ট্রাকসহ কিছু ছোট গাড়ি নদী পার হওয়ার অপেক্ষায় আছে। বাস সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকলেও ট্রাকগুলো ফাঁকা জায়গায় রাখা হয়েছে। ফেরির টিকিট কাটার ক্রম (সিরিয়াল) অনুযায়ী তাঁদের ফেরিতে উঠতে দেওয়া হচ্ছে।
গাজীপুর থেকে বরিশালের গৌরনদীগামী মুরগির খাবারবাহী ট্রাকের চালক আবদুল মজিদ বলেন, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ঘাটে এসে তিনি ফেরির টিকিট করেন। তাঁর ক্রম ২০৩। দুপুর সাড়ে ১২টার দিকে ৮০ নম্বর ক্রমে দীর্ঘ সারিতে থেকে ফেরিতে ওঠার অপেক্ষায় আছে ট্রাকটি। ট্রাকচালক মজিদসহ অন্যদের অভিযোগ, ঘাটের কিছু দালালকে টাকা দিলে আগে যাওয়ার সুযোগ মেলে।
লঞ্চে নদী পার হয়ে দৌলতদিয়া গিয়ে দেখা গেল গাড়ির আরও দীর্ঘ সারি। বেলা দুইটার দিকে ঝিনাইদহ থেকে চট্টগ্রামগামী মরিচবাহী ট্রাকের চালক অনিক বললেন, চার ঘণ্টা অপেক্ষার পর তিনি ফেরিতে উঠতে যাচ্ছেন। এ জন্য তাঁকে ফেরির এক হাজার ৬০ টাকার টিকিট কাটতে হয়েছে এক হাজার ১০০ টাকায়। স্থানীয় দালালেরাই টাকা নিয়ে টিকিট এনে দেয়। পরে পুলিশ ও ঘাটশ্রমিকদের সহায়তায় তাঁরা গাড়িটিকে এগিয়ে ফেরির কাছে নিয়ে যায়।
গত ৩১ আগস্ট রাতে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সঙ্গে পরিবহনমালিকদের বৈঠকে ৭২ ঘণ্টার জন্য পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যাত্রীবাহী বাস পারাপার বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। ৩ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় আবারও নৌপথে চলাচল না করতে বলা হয়। ৪ সেপ্টেম্বর দুপুরের পর থেকে ছোট ফেরিতে অল্পসংখ্যক গাড়ি পারাপার শুরু হয়। ওই দিন দুপুরে রো রো ফেরি শাহজালাল চরে আটকা পড়ে। গতকাল রাত ১০টার দিকে ফেরিটি উদ্ধার করা হয়।
অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্ল্লিউটিসি) আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (মেরিন) আবদুল কুদ্দুস বলেন, এই পথে স্বাভাবিক সময় নয়টি রো রো ও তিনটি কে-টাইপ ফেরি চলাচল করে। এখন চারটি রো রো ফেরি ও চারটি ছোট আকারের (কে-টাইপ) ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।
কর্মকর্তারা বলেন, একটি রো রো ফেরিতে ছোট-বড় মিলিয়ে ২০টি আর কে-টাইপ ফেরিতে ১০টি যানবাহনের ধারণক্ষমতা রয়েছে। নাব্যতা-সংকটের কারণে গত শুক্রবার রাত পর্যন্ত ফেরিগুলো অর্ধেক যানবাহন নিয়ে চলাচল করেছে। শনিবার পানি বাড়ায় বড় ফেরিগুলো ধারণক্ষমতা অনুযায়ী গাড়ি নিয়ে চলাচল করছে। তবে তীব্র স্রোতে চলাচল কিছুটা ধীর হয়ে গেছে।
দৌলতদিয়া ঘাটে যশোর-ঢাকা পথে চলাচলকারী ঈগল পরিবহনের বাসচালক কালীপদ অধিকারী বলেন, গত ৩০ বছরে তিনি নদী পারাপারের এ রকম অবস্থা দেখেননি। মাঝে তিন দিন যমুনা সেতু হয়ে চলাচল করেছেন। এতে তাঁদের ৪০ লিটার তেল বেশি লাগে। সবদিক থেকেই খরচ বেড়ে যায়। ফেরি চালু হয়েছে শুনে গতকালই ফেরি দিয়ে আসার জন্য ঘাটে দাঁড়িয়েছেন। কিন্তু তিন ঘণ্টা পরও পার হওয়ার কোনো লক্ষণ দেখছেন না।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) প্রধান প্রকৌশলী (মেরিন) আবদুল মতিন বলেন, ঘাটের মুখেই চ্যানেলে নাব্যতা-সংকট দেখা দিয়েছে। দৌলতদিয়া ঘাটের কাছে নদী-তীরবর্তী গ্রামে ভাঙন দেখা দেওয়ায় প্রচুর পলি তলদেশে জমা হচ্ছে। উজানে বন্যা হওয়ায় গতকাল পানি যেমন বেড়েছে, তেমনি আসছে প্রচুর পলিও। করণীয় ঠিক করতে নদী বিশেষজ্ঞদের ডাকা হয়েছে।
গতকাল মাওয়া ঘাটে গিয়ে দেখা যায়, বিআইডব্লিউটিসি মাওয়া-কাওড়াকান্দি নৌপথে আগে দুটি রো রো ফেরি চলাচল করলেও এখন চলছে ছয়টি। এগুলো হচ্ছে রুহুল আমিন ও শাহ মখদুম, শাহ পরান, খানজাহান আলী, আমানত শাহ, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। বাড়তি চারটি ফেরি পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ থেকে আনা হয়েছে।
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় মাওয়া ফেরিঘাট হয়ে এক হাজার ২৪টি যানবাহন পারাপার হয়। স্বাভাবিক সময়ে চলে এর অর্ধেক যান। এসব যানবাহনের মধ্যে ট্রাক-বাসের পাশাপাশি প্রচুর ব্যক্তিগত গাড়ি ছিল। বেশির ভাগ ছিল দক্ষিণাঞ্চলীয় খুলনা, বরিশাল, বাগেরহাট এলাকার গাড়ি।
বিআইডব্লিউটিসির কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, পাটুরিয়ায় সমস্যার কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌপথে যানবাহনের প্রচণ্ড চাপ। ২ সেপ্টেম্বর থেকে এই অবস্থা চলছে।
গতকাল দুপুরে মাওয়া ঘাটের কাছে মেদিনীমণ্ডল এলাকায় দেখা যায় ট্রাকের দীর্ঘ সারি। ফেরি পারাপারের জন্য অপেক্ষমাণ ট্রাকচালক সিরাজুল ইসলাম বলেন, দুই দিন ধরে ঘাটে আছেন। এর আগে আসার পথে কাওড়াকান্দিতে আটকা পড়ে ছিলেন পাঁচ দিন। কয়েকজন ট্রাকচালক জানান, তাঁদের ট্রাকে কাঁচামাল, ফল, মাছসহ পচনশীল পণ্য রয়েছে।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন এম রাশেদুল হক গোয়ালন্দ, রাজবাড়ী)