পাটুরিয়ায় গাড়ির দীর্ঘ সারি, শিমুলিয়ায় চাপ কম
ঈদে ঘরে ফেরা মানুষের চাপে গাড়ির দীর্ঘ সারির সৃষ্টি হচ্ছে পাটুরিয়া ফেরিঘাটে। এতে যানবাহনগুলোকে ফেরিতে উঠতে দেড় থেকে দুই ঘণ্টা পর্যন্ত ঘাটে এসে আটকে থাকতে হচ্ছে। তবে শিমুলিয়া ঘাটের পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক। সেখানে গাড়ির চাপ তুলনামূলকভাবে কম।
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে পদ্মা নদীতে প্রচণ্ড স্রোতের কারণে ফেরিগুলোকে স্বাভাবিকের তুলনায় বেশি সময় নিয়ে চলাচল করতে হচ্ছে। এতে ফেরির ট্রিপসংখ্যা কমে গেছে। এসব কারণে যানবাহনগুলোকে ফেরিতে উঠতে এক থেকে দেড় ঘণ্টা পর্যন্ত ঘাটে এসে আটকে থাকতে হচ্ছে।
গতকাল সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কেও যানবাহনের চাপ ছিল। মহাসড়কের বিভিন্ন বাসস্ট্যান্ডে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। তবে অন্যান্য ঈদের তুলনায় অনেকটা কম। সরেজমিনে দেখা যায়, সকাল থেকে দুপুর পর্যন্ত উথলী-পাটুরিয়া সড়কের প্রায় দুই কিলোমিটার দীর্ঘ যাত্রীবাহী কোচের সারি ছিল। মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়িগুলোকে ঘাটের আগে আরসিএলের মোড় থেকে পূর্ব দিকে বাইপাস সড়ক হয়ে ৫ নম্বর ঘাটে গিয়ে ফেরির অপেক্ষায় থাকতে হয়।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল বলেন, স্বাভাবিক অবস্থায় পাটুরিয়া থেকে দৌলতদিয়ায় যেতে প্রতিটি ফেরির ৩০ মিনিট সময় লাগে। তবে নদীতে স্রোতের কারণে প্রতিকূলতার মধ্যে চলাচল করতে ফেরিগুলোর এক ঘণ্টারও বেশি সময় লাগছে। এতে ফেরির ট্রিপসংখ্যাও কমে গেছে। এ জন্য যানবাহন পারাপারে কিছুটা বেগ পেতে হচ্ছে।
পাটুরিয়ায় লঞ্চঘাটে যাত্রীদের ভিড় দেখা গেছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ২৪টি ও আরিচা-নগরবাড়ীতে ১২টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে। তবে লঞ্চে প্রত্যেক যাত্রীর ভাড়া ২০ টাকা হলেও ২৫ টাকা করে নেওয়া হচ্ছে।
শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথের মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ঈদে ঘরে ফেরা যাত্রীদের চাপ বাড়ছে। ফেরিঘাটে গতকাল মঙ্গলবার সারা দিন থেমে থেমে গাড়ির চাপ অব্যাহত ছিল। মাঝে মাঝে যানজট আবার স্বাভাবিক হয়ে এসেছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল থেকেই গাড়ির চাপ ধীরে ধীরে বাড়তে থাকে। সকাল নয়টার দিকে শিমুলিয়া ঘাটে কয়েক শ গাড়ি পারাপারের অপেক্ষায় আটকা পড়ে। বেলা সাড়ে ১১টার দিকে গাড়ির চাপ কিছুটা কমে আসে। বেলা ১১টার দিকে কথা হয় যাত্রী সানোয়ার হোসেনের সঙ্গে। ব্যক্তিগত গাড়িতে তিনি যাচ্ছিলেন খুলনায়। তিনি বলেন, সকাল সোয়া নয়টার দিকে শিমুলিয়া ঘাটে যানজটে আটকা পড়েন। গাড়ির লম্বা সারি ডিঙিয়ে দেড় ঘণ্টা পর তিনি ফেরিতে ওঠেন।
তবে শিমুলিয়া ঘাটের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক মো. আশিকুজ্জামান প্রথম আলোকে বলেন, গতকাল ফেরিঘাটে সারিবদ্ধ গাড়িগুলোকে পার হওয়ার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়নি। সারা দিনে হঠাৎ হঠাৎ গাড়ির চাপ বাড়লেও অধিকাংশ সময় গাড়ির চাপ কম ছিল। এমনকি মাঝে মাঝে ফেরি পুরোপুরি ভর্তি হতে গাড়ির জন্য অপেক্ষা করতে হয়েছে।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, গতকাল ১৭টি ফেরি দিয়ে যান পারাপার করা হয়। আজ গাড়ির চাপ বাড়লে আরও একটি ফেরি যুক্ত করে মোট ১৮টি ফেরি দিয়ে যান পারাপার করা হবে।