পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে তীব্র যানজট
পাটুরিয়া ও দৌলতদিয়া ফেরিঘাটে যানজট তীব্র আকার ধারণ করেছে। রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোর সড়ক যোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়েছে। পদ্মা ও যমুনা নদীতে প্রবল স্রোত ও ফেরি সংকটের কারণে গত বুধবার থেকে এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। যানবাহনের দীর্ঘ লাইন পাটুরিয়া ঘাট ছাড়িয়ে ঢাকা-আরিচা মহাসড়কের আড়াই কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়ে পড়েছে। দৌলতদিয়া প্রান্তেও যানবাহনের লাইন দুই কিলোমিটার ছাড়িয়ে গেছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা ও দৌলতদিয়া কার্যালয় সূত্রে জানা গেছে, গত বুধবার থেকে সৃষ্ট যানজট পরিস্থিতির গতকাল শনিবার সকাল থেকে আরও অবনতি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত উভয় ঘাটে পারাপারের জন্য আসা দেড় হাজারেরও বেশি পণ্যবাহী ট্রাক ও দুই শতাধিক বাসসহ কয়েক শ ছোট গাড়ি আটকা পড়েছে। আটকা পড়া এসব যানবাহনের যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা পারাপারের অপেক্ষায় থেকে দুর্ভোগের শিকার হচ্ছেন। শৌচাগার ও শিশু-খাদ্যের অভাবে নারী-শিশুদের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক শাহ্ মোহাম্মদ খালেদ নেওয়াজ বলেন, প্রবল স্রোত ও ফেরিস্বল্পতার কারণে পাটুরিয়া ও দৌলতদিয়া নৌপথে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক ও বাস। ফেরির সংখ্যা বাড়ানো না হলে এই সংকট কাটিয়ে ওঠা অসম্ভব।