
ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটির প্রথম দিনে গতকাল শুক্রবার মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া ফেরিঘাটে যানবাহনের চাপ বেড়ে যায়। সকাল থেকে দুপুর পর্যন্ত এসব যানবাহনকে ঢাকা-আরিচা মহাসড়কের পাটুরিয়া-উথলী সংযোগ সড়কে দীর্ঘ সময় আটকে থাকতে হয়। সকালের দিকে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটেও যানবাহনের বেশ চাপ ছিল।
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর সেতু ও মেঘনা সেতু এলাকায় গতকাল সকাল থেকে দিনভর যানজট ছিল। এতে ঈদে ঘরমুখী মানুষকে দুর্ভোগ পোহাতে হয়।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
মানিকগঞ্জ: বিআইডব্লিউটিসির কর্মকর্তা, পরিবহন শ্রমিক ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার যোগাযোগের অন্যমত প্রবেশদ্বার পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট। গতকাল সকাল থেকেই এ ঘাটে যানবাহনের চাপ বেড়ে যায়। এসব যানবাহন ঘাটে দীর্ঘ সারিতে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও যানবাহনের শ্রমিকেরা। যাত্রীদের ভোগান্তি কমাতে বেলা একটা থেকে ট্রাক পারাপার সাময়িক বন্ধ রাখা হয়। তবে বেলা তিনটার দিকে ট্রাক পারাপার শুরু হয়।
সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে দেখা যায়, পাটুরিয়া ঘাটের ৩ নম্বর ফেরিঘাট থেকে ঢাকা-আরিচা মহাসড়কের সংযোগ পাটুরিয়া-উথলী সড়কের প্রায় তিন কিলোমিটারজুড়ে যানবাহনের দীর্ঘ সারি। এসব যানবাহনের মধ্যে রয়েছে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান ও পিকআপ ভ্যান। তবে মাইক্রোবাস, প্রাইভেটকারসহ ছোট গাড়ি উথলী-পাটুরিয়া ফেরি সংযোগ-সড়কের আরসিএল মোড় এলাকা থেকে পূর্বদিকে বাইপাস সড়ক হয়ে সরাসরি ৫ নম্বর ঘাটে যাচ্ছে।
বিআইডব্লিউটিসি, জেলা প্রশাসন ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার পর্যন্ত এই নৌপথে নয়টি রো রো (বড়), পাঁচটি ইউটিলিটি (মাঝারি) ও তিনটি কে-টাইপ (ছোট) ফেরি যানবাহন পারাপার করে। গতকাল সকালে ভাষা শহীদ বরকত নামের আরেকটি রো রো (বড়) ফেরি এ নৌপথে যোগ দিয়েছে। বর্তমানে এই নৌপথে ১৮টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। গতকাল যানবাহনের চাপ বেশি ছিল। ক্রমান্বয়ে এ চাপ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শেখ মুহাম্মদ নাসিম বলেন, নদীতে স্রোতের কারণে যানবাহন পারাপারে সময় কিছুটা বেশি লাগছে।
মুন্সিগঞ্জ: প্রত্যক্ষদর্শী কয়েকজন ব্যক্তি বলেন, যাত্রীরা ঢাকা থেকে বাস বা অন্য যানবাহনে শিমুলিয়া ঘাটে এসে নামেন। এরপর তাঁদের লঞ্চ, স্পিডবোট ও ফেরিতে করে পারাপার হতে দেখা যায়। এ কারণে ফেরিতে যানবাহন পারাপারের চেয়ে যাত্রীর চাপ ছিল বেশি। যাত্রীরা অভিযোগ করেন, অতিরিক্ত যাত্রীর চাপ থাকায় মাঝেমধ্যেই লঞ্চমালিকেরা অতিরিক্ত যাত্রী নিয়ে ঘাট ছাড়ছেন।
শিমুলিয়া ঘাটে যাত্রী আয়েশা আক্তার বলেন, তিনি সকাল ১০টায় ঘাটে আসেন। কিন্তু ঘাটে যানবাহনের দীর্ঘ সারি। তাই প্রচণ্ড গরমে তাঁদের কষ্ট করতে হচ্ছে।
ঘাট সূত্রে জানা যায়, শিমুলিয়া-কাওরাকান্দি নৌপথে এবার ঈদে যানবাহন পারাপারে ১৮টি ফেরি চলাচল করছে। এর মধ্যে চারটি রো রো ফেরি রয়েছে। বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক গিয়াসউদ্দিন আহমেদ বলেন, সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গাড়ির চাপ ছিল বেশি।
সোনারগাঁ (নারায়ণগঞ্জ): সকাল আটটা থেকে বেলা তিনটা পর্যন্ত সরেজমিনে দেখা যায়, অন্যান্য সময়ের চেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের সংখ্যা বৃদ্ধি, স্থানীয় যানবাহনগুলো মহাসড়কে রেখে যাত্রী ওঠানামা করানোয় যানজট বেশি হচ্ছে। কাঁচপুর সেতু এলাকায় ঢাকামুখী যানবাহন ও মেঘনা সেতু এলাকায় ঈদে ঘরমুখী মানুষকে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হয়।
বেলা ১১টায় কাঁচপুরে ঢাকাগামী একটি বাসের চালকের সঙ্গে কথা হয়। তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ণ সংযোগস্থল কাঁচপুরে প্রশাসনের কোনো পদক্ষেপ দেখা যায়নি। বিশেষ করে পুলিশের সংখ্যা কম থাকায় যানবাহন নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। এ কারণে যানজটে পড়ে মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
হানিফ পরিবহনের চালক আলম মিয়া বলেন, কাঁচপুর সেতু থেকে মেঘনা সেতু পর্যন্ত পৌঁছাতে চার ঘণ্টা সময় লেগেছে। অন্য সময় ২০ মিনিটে এ স্থান অতিক্রম করা যেত।
হাইওয়ে পুলিশের কাঁচপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরিফুল আলম বলেন, অন্য সময়ের চেয়ে যানবাহনের সংখ্যা বাড়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে।