পাটুরিয়া ঘাটে ঘরমুখী যাত্রীদের চাপ কম

একদিকে করোনায় সংক্রমিত হয়ে পড়ার ঝুঁকি, অন্যদিকে বন্যার হানা—এ দুই কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে ঈদে ঘরমুখী যাত্রীদের চাপ তুলনামূলকভাবে কম। অন্যান্য বছর ঈদের দু-এক দিন আগে এ ঘাটে যেখানে আড়াই শতাধিক যাত্রীবাহী বাস নদী পারাপারের জন্য অপেক্ষায় থাকত, সেখানে এবার এক শর মতো বাস নদী পারাপারের জন্য অপেক্ষা করছে। আজ বৃহস্পতিবার ওই ঘাটে গিয়ে এ দৃশ্য দেখা গেছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক খন্দকার মুহম্মদ তানভীর হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা যে পরিমাণ যাত্রীর চাপ ধারণা করেছিলাম, সে পরিমাণ যাত্রী আসেনি। একে তো করোনা সংকট, তার ওপর বন্যার পানি। মূলত এসব কারণে এবার পাটুরিয়ায় যাত্রীদের চাপ এখন পর্যন্ত কম। তা ছাড়া করোনা সংকটে অনেকেই বেকার হয়ে আগেই ঢাকা ছেড়েছেন। তবে বিকেলে যাত্রীদের চাপ কিছুটা বাড়তে পারে।’
বেলা ১টার দিকে দেখা গেছে, ওই সময় ঘাট এলাকায় এক শর মতো যাত্রীবাহী বাস ছিল। ঘাটে আসার পর এক থেকে দেড় ঘণ্টার মধ্যে এসব বাস ফেরিতে ওঠার সুযোগ পাচ্ছে। তবে ঘাট এলাকায় ব্যক্তিগত গাড়ির চাপ ছিল। এসব গাড়ি পাটুরিয়া-উথলী সড়কের নবগ্রাম এলাকা থেকে ভেতরের বাইপাস সড়কে পাঠিয়ে দিচ্ছে পুলিশ। এসব গাড়ি নবগ্রাম-নালী বাইপাস সড়ক হয়ে ৫ নম্বর ঘাটে যাচ্ছে। এরপর সব গাড়ি ৫ ও ৪ নম্বর ঘাট থেকে ফেরিতে উঠছে। যাত্রীবাহী বাসগুলো পাটুরিয়া-উথলী সড়কে আধা কিলোমিটার এলাকায় সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল। গত বছর এই সময় যাত্রীবাহী বাসের লাইন এক থেকে দুই কিলোমিটার পর্যন্ত ছাড়িয়ে যেত।
গোল্ডেন লাইন পরিবহনের যাত্রী ইসমাইল হোসেন গাজীপুর থেকে ফরিদপুর যাচ্ছিলেন। দুপুর ১২টার দিকে পাটুরিয়া ফেরির টিকিট কাউন্টার এলাকায় তাঁর সঙ্গে কথা হয়। তিনি জানালেন, ‘এবার এক ঘণ্টার মধ্যে ফেরির টিকিট মিলল। গতবার তিন থেকে চার ঘণ্টা করে আমাদের অপেক্ষা করতে হয়েছে।’
তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত
পদ্মায় তীব্র স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি দিয়ে যানবাহন পারাপারে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ সময় লাগছে। পাটুরিয়া থেকে দৌলতদিয়া যেতে ফেরিগুলোকে স্রোতের প্রতিকূলে প্রায় তিন কিলোমিটার নৌপথ ঘুরে যেতে হচ্ছে। এসব কারণে ফেরির ট্রিপের সংখ্যাও কমে গেছে।
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ছোটবড় মিলিয়ে ১৫টি ফেরি চলাচল করছে। কিন্তু পদ্মায় পানি বাড়ায় এবং তীব্র স্রোতের কারণে ফেরিগুলোর এক ঘাট থেকে অন্য ঘাটে যেতে বেশি সময় লাগছে।
আজ পাটুরিয়া লঞ্চঘাটেও যাত্রীদের চাপ কম ছিল। অতিরিক্ত যাত্রী পরিবহন না করতে নৌপুলিশের পাশাপাশি বিআইডব্লিউটিএর লোকজন ও রোভার স্কাউটের সদস্যরা কাজ করছেন। এখানে যাত্রী পারাপারের জন্য ২২টি ছোট লঞ্চ রয়েছে।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. জিল্লুর রহমান বলেন, পোশাক কারখানা ছুটির পর আজ বিকেল থেকে যানবাহন ও যাত্রীর চাপ কিছুটা বাড়তে পারে। তবে প্রাকৃতিক কোনো সমস্যা না হলে যানবাহন ও যাত্রী পারাপারে সমস্যা হবে না।