পাটুরিয়া ঘাটে যানজটে দুর্ভোগ
প্রচণ্ড গরমে দেড় বছর বয়সী ছেলেকে নিয়ে কিছুক্ষণ পরপর বাস থেকে নামছিলেন আলী আহাম্মদ (৩৫)। বাবার সঙ্গে ১০ বছর বয়সী বড় ছেলেও বাস থেকে নেমে যাচ্ছিল।
ঢাকার গাবতলী থেকে সাকুরা পরিবহনে স্ত্রী ও দুই শিশুপুত্র নিয়ে তিনি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার লস্করদিয়া গ্রামের বাড়িতে যাচ্ছেন। কিন্তু পথের ভোগান্তির কারণে দিশেহারা। প্রচণ্ড গরমে ছোট ছেলে কান্নাকাটি করছে। ছেলের কান্না থামাতে তিনি বারবার বাস থেকে নেমে আসছেন। বললেন, নবগ্রাম থেকে আরসিএল মোড় পর্যন্ত এক কিলোমিটার আসতে সময় লেগেছে আড়াই ঘণ্টা। এখন ফেরির জন্য অপেক্ষা করছেন।
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটসংলগ্ন এলাকায় এমন দুর্ভোগের শিকার হতে দেখা গেল হাজারো যাত্রীকে। ফেরি পারের জন্য পাটুরিয়া ঘাটসহ আশপাশে অপেক্ষা করছিল প্রায় চার হাজার প্রাইভেট কার ও আড়াই শতাধিক বাস। প্রচণ্ড গরমে বাসের ভেতর আটকে থেকে ক্লান্ত অনেকে রাস্তার পাশেই পরিবার নিয়ে যাত্রীদের কেউ কেউ বসে আছেন। প্রাইভেট কারের যাত্রীদের কেউ কেউ সড়কের পাশে থাকা বাড়িগুলোতে ঢুকে পড়ছেন প্রাকৃতিক কাজ সারতে।
বেলা দুইটার দিকে পাটুরিয়া ঘাট ও আশপাশের এলাকা ঘুরে দেখা যায়, ৩ ও ৪ নম্বর ঘাটে ফেরিতে পার হওয়ার জন্য আড়াই শতাধিক যাত্রীবাহী বাস আটকে আছে। ব্যক্তিগত ব্যবস্থাপনায় যাঁরা ভাড়া গাড়ি, মাইক্রোবাস বা নিজস্ব গাড়ি নিয়ে এসেছেন, তাঁদের জন্য ৫ নম্বর ঘাট দিয়ে পারাপারের ব্যবস্থা রাখা হয়েছে। ওই ঘাট ঘিরে আশপাশের সড়কগুলোতে দীর্ঘ লাইনে অপেক্ষা করছে প্রায় চার হাজার গাড়ি।
ঢাকা থেকে ইকবাল হাসান (৩২) নামের এক ব্যবসায়ী স্ত্রী ও সাত বছর বয়সী ছেলে নিয়ে মাগুরা শহরে নিজ বাড়িতে ঈদ করতে যাচ্ছেন। বেলা আড়াইটার দিকে টেপড়া-নালী সড়কের দড়িকয়ড়া এলাকায় প্রথম আলোকে তিনি বলেন, শুকনা খাবার সঙ্গে এনেছিলেন। কিন্তু ছেলে দুপুরে ভাত খেতে চাইছে। গ্রামের ভেতরে হোটেল না থাকায় তিনি কিছু কিনতেও পারছেন না।
যাত্রীদের চাপ দেখে কয়ড়া গ্রামের আফজাল হোসেন তাঁর বাড়িতে খিচুড়ি ও ডিম রান্না করেছেন। বেলা তিনটার দিকে অনেক যাত্রীকে প্রতি থালা ৫০ টাকা দরে রাস্তার পাশে সেই খিচুড়ি খেতে দেখা গেল।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার ঈদের ছুটির প্রথম দিনে ঘরমুখী যানবাহন ও যাত্রীর চাপ বেড়েছে। এ ছাড়া নদীতে তীব্র স্রোতের কারণে যানবাহন পারাপারে ফেরিগুলোকে স্বাভাবিকের চেয়ে প্রায় তিন গুণ বেশি সময় লাগায় ট্রিপসংখ্যা কমে গেছে। স্রোতের কারণে ওপার দৌলতদিয়া ২ নম্বর ঘাটের পন্টুনে ফেরি ভিড়তে কিছুটা সময় বেশি নিচ্ছে। ফেরিস্বল্পতাও রয়েছে।
ঘাটসংলগ্ন এলাকার পরিস্থিতি পরিদর্শন শেষে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল বলেন, ৫ নম্বর ঘাট দিয়ে শুধু প্রাইভেট কার পারাপারের ব্যবস্থা রাখা হয়েছে। এরপরও গাড়ির তীব্র জট সৃষ্টি হয়েছে।
ঘাট এলাকা ঘুরে দেখা গেছে, অনেক যাত্রী বাস বা গাড়িতে করে ফেরি পারের জন্য অপেক্ষা না করে বিকল্প পন্থা নিয়েছেন। তাঁরা ঘাট পর্যন্ত একটি বাসে এসে নেমে পড়ছেন। এরপর নিজেরাই ফেরিতে উঠে অপর পাশে গিয়ে আরেকটি বাস ধরে তুলনামূলক কম সময়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন বলেন, বাস ও গাড়ি যাতে সুশৃঙ্খলভাবে ফেরি পার হতে পারে, তা ট্রাফিক পুলিশ তদারক করছে। এ ছাড়া ঘাট ও এর আশপাশে চুরি-ডাকাতি ও ছিনতাই রোধে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।