পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ঝুঁকি নিয়ে চলাচল
পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে গতকাল মঙ্গলবার ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে বেশ কিছু লঞ্চ ও ট্রলার চলাচল করেছে। নিষেধাজ্ঞা থাকলেও প্রবল স্রোত ও প্রচণ্ড ঢেউয়ের মধ্যে ঝুঁকি নিয়েই অনেক যাত্রী নদী পার হচ্ছেন।
এ ব্যাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের উপপরিচালক ও বন্দর কর্মকর্তা কবির হোসেন বলেন, অতিরিক্ত যাত্রী নিয়ে লঞ্চ চলাচলের সুযোগে নেই। এ বিষয়ে কর্তৃপক্ষের কঠোর নজরদারি রয়েছে। বৈরী আবহাওয়ায় কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে গত সোমবার বিকেল থেকে গতকাল সকাল পর্যন্ত ১৫ ঘণ্টা লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়।
পাটুরিয়া সূত্র জানায়, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে প্রতিদিন ৩৭টি লঞ্চ চলাচল করে।
গতকাল দুপুরে পাটুরিয়ায় যমুনা নদীতে প্রচণ্ড স্রোত ও প্রবল ঢেউয়ের মধ্যে ঝুঁকি নিয়ে ইঞ্জিনচালিত ট্রলারে যাত্রী পারাপার করা হচ্ছে।
রাজবাড়ীর দৌলতদিয়া লঞ্চ ঘাটের পশ্চিমে ট্রলারে উঠছেন যাত্রীরা। এরপর প্রশাসনের নজরদারি এড়াতে ট্রলারগুলো নদী পার হয়ে পাটুরিয়া লঞ্চ ঘাটের পশ্চিম দিকে দাশকান্দি এলাকায় যাত্রীদের নামিয়ে দিচ্ছে। ১২-১৫টি লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করতেও দেখা গেছে।
মেসার্স রেজোয়ান লঞ্চের যাত্রীধারণক্ষমতা ১৪০। কিন্তু লঞ্চটিতে যাত্রী বহন করা হয় ১৯৫। চালক শাজাহান শেখ বলেন, ধারণক্ষমতার চেয়ে কিছু যাত্রী বেশি পারাপার করা হলেও তা ঝুঁকিপূর্ণ না। রাজবাড়ীর দৌলতদিয়ার ডাকাতপাড়া গ্রামের বাসিন্দা ট্রলার মালিক ও চালক আবু সাঈদ বলেন, ‘কম যাত্রী নিয়েই ট্রলার চালাইতেছি। নিষেধ থাকলেও পেটের দায়ে তা করতে হচ্ছে।’
অতিরিক্ত যাত্রী বহনের বিষয়ে পাটুরিয়া লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুর রহিম খানের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।
তবে পাটুরিয়া নৌফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোক্তাদির হোসেন বলেন, ‘দৌলতদিয়া প্রান্ত থেকে লঞ্চে অতিরিক্ত যাত্রী কিংবা ট্রলারে যাত্রীবোঝাই করা হলে তা আমার এখতিয়ারভুক্ত নয়।’