গত কয়েক দিনের টানা বর্ষণে পানি বেড়ে যমুনায় তীব্র স্রোত দেখা দিয়েছে৷ এতে দেশের গুরুত্বপূর্ণ পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ঝুঁকি ও অতিরিক্ত সময় নিয়ে চলাচল করছে ফেরি ও লঞ্চ৷ নৌযানের ট্রিপের (যানবাহন পারাপার) সংখ্যাও গেছে কমে৷
এদিকে পানি বৃদ্ধির ফলে পাটুরিয়া ঘাটে ইউটিলিটি ফেরিতে যানবাহন ওঠা-নামার একমাত্র ঘাটটি ডুবে যাওয়ার উপক্রম হয়েছে৷ এ ঘাটে পন্টুনের রাস্তা উঁচু করা না হলে দু-এক দিনের মধ্যে তা ব্যবহার-অনুপযোগী হয়ে পড়তে পারে৷
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) ও কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পাটুরিয়া ঘাট-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই নৌপথে বর্তমানে আটটি রো রো (বড়) ও পাঁচটি ইউটিলিটি (মাঝারি) ফেরি চলাচল করছে৷ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় তীব্র স্রোতে চলাচল করতে লঞ্চগুলোর ১৫-২০ মিনিট সময় বেশি লাগছে৷
গতকাল রোববার দুপুরে পাটুরিয়া ঘাটে গিয়ে দেখা যায়, যানবাহনের সংখ্যা কম৷ ফেরিগুলোকে যানবাহনের জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে৷ তবে লঞ্চঘাটে যাত্রীসংখ্যা কিছুটা স্বাভাবিক৷
বিআইডব্লিউটিএর উপসহকারী প্রকৌশলী মকবুল হোসেন বলেন, পাটুরিয়ায় দশমিক ১৫ মিটার পানি বেড়েছে৷ এখানে ৬ দশমিক ৭৫ মিটার সীমায় পানি প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ৯ দশমিক ৪ মিটার)৷
রো রো ফেরি শাহ আলীর চালক হাবিবুর রহমান বলেন, স্বাভাবিক অবস্থায় পাটুরিয়া থেকে দৌলতদিয়া যেতে সময় লাগে ৩৫ মিনিট৷ তীব্র স্রোতে ফেরিগুলোকে উজানে প্রায় দুই কিলোমিটার ঘুরে চলাচল করতে হচ্ছে৷
ওদিকে বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল বলেন, ৩ নম্বর ঘাটের পশ্চিমে ইউটিলিটি ফেরিঘাটের পন্টুনের সামনের রাস্তা দু-এক দিনের মধ্যে ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে৷ এ ব্যাপারে বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের বন্দর কর্মকর্তা কবির হোসেন বলেন, রাস্তাটি প্রয়োজন অনুযায়ী উঁচু করা হবে৷
পটুয়াখালীতে লঞ্চ চলাচল বন্ধ: বৈরী আবহাওয়ায় উপকূলীয় জেলা পটুয়াখালীর অভ্যন্তরীণ নদীপথে গতকাল সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেছে৷
পটুয়াখালী নদীবন্দরের ট্রাফিক পরিদর্শক মাহাতাব উদ্দিন বলেন, এ বন্দরের অভ্যন্তরীণ ২২টি রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখতে গত শনিবার নির্দেশ দেওয়া হয়েছে৷ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ চলাচল বন্ধ থাকবে৷
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে৷ বৈরী আবহাওয়ায় সাগর প্রচণ্ড উত্তাল হয়ে উঠেছে৷
সাগরে টিকতে না পেরে মাছ ধরার ট্রলারগুলো উপকূলে ফিরে আসছে বলে জানিয়েছেন কলাপাড়ার আলীপুর-মহিপুর মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা৷