পাটুরিয়া-দৌলতদিয়ায় ঘরমুখী মানুষের চাপ

ঢাকা থেকে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সড়কপথে যাতায়াতে যানবাহন ও যাত্রী পারাপারে গুরুত্বপূর্ণ পাটুরিয়া ফেরিঘাটে ঈদে ঘরমুখী মানুষের চাপ বাড়ছে। আজ বৃহস্পতিবার সকালে ওই ঘাটে গিয়ে দেখা যায়, যানবাহনের সারি ক্রমে দীর্ঘ হচ্ছে। ওপারে দৌলতদিয়ায় চারটি ঘাটের মধ্যে দুটি অচল থাকায় পারাপারে সমস্যা হচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পাটুরিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, পাটুরিয়ার পাঁচটি ঘাটের সব কটি সচল রয়েছে। তবে দৌলতদিয়ায় চারটি ঘাটের মধ্যে দুটি অচল। এ কারণে ওপারে ফেরি যাওয়ার পর যানবাহন ও যাত্রী পারাপারে জট সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে জিল্লুর রহমান জানান, পদ্মার ওই পারে নদীর প্রচণ্ড স্রোত। একই সঙ্গে পাড়ে ভাঙন চলছে। দৌলতদিয়া তিন নম্বর ঘাটে দীর্ঘ ১৮ ঘণ্টা মেরামতকাজ চলার পর গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তা ভেঙে যায়। এ অবস্থা চলতে থাকলে ওপার থেকে ফেরিগুলো ফিরতে দেরি হবে। এ কারণে হয়তো এপারে পরে একটা চাপ পড়তে পারে।
গোয়ালন্দের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, ফেরির সংখ্যা পর্যাপ্ত থাকলেও ঘাটসংকটের কারণে ফেরি চালানো যাচ্ছে না। এতে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। ঘাটে আটকা পড়েছে শত শত গাড়ি।
সরেজমিনে দেখা গেছে, দৌলতদিয়া ফেরিঘাট থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কে বাংলাদেশ হ্যাচারিজ পর্যন্ত দুই প্রান্তে পাঁচ শতাধিক গাড়ি আটকা পড়েছে।
এদিকে স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে লঞ্চ চলাচলও কম হচ্ছে। কুষ্টিয়ার যাত্রী নজরুল ইসলাম জানান, নবীনগর থেকে বাসে করে পাটুরিয়া এসেছেন। লঞ্চে পার হয়ে ওপারে যেতে চাইছেন। কিন্তু ঘাটে এসে লঞ্চের দেখা পাননি। তাই বাধ্য হয়ে ফেরিতে পদ্মা পার হবেন।

পাটুরিয়া ঘাট টিকিট কাউন্টারে বিআইডব্লিউটিএর কর্মকর্তা মোহাম্মদ স্বপন বলেন, এখন পর্যন্ত পরিবহনের চাপ স্বাভাবিক রয়েছে। সময় গড়ালে তা বাড়বে।
কলকাতাগামী সৌহার্দ্য পরিবহনের চালক মোহাম্মদ আজীম জানান, সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা থেকে রওনা হয়েছেন। এ পর্যন্ত আসতে কোনো বাধার মুখে পড়েননি। পথে কোনো যানজট ছিল না। ঘাটে আসার পর ফেরিতে উঠতে তার এক ঘণ্টার ওপরে সময় লেগেছে।
সরেজমিনে দেখা গেছে, ঢাকা থেকে সৈয়দপুরগামী সড়কে তেমন কোনো গাড়ির চাপ ছিল না। কোরবানির পশুবাহী যানগুলো ঢাকার দিকে যেতে দেখা গেছে।
পাটুরিয়া পুলিশ নিয়ন্ত্রণকক্ষের পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, সব পুলিশি ব্যবস্থা ও নিরাপত্তা ঠিক আছে। তাঁরা নজর রাখছেন, ধারাবাহিকতা মেনে যেন যানবাহনগুলো ফেরিতে উঠতে পারে। বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, ১৮টি ফেরি যানবাহন পারাপারে কাজ করছে।
আরও পড়ুন:
কাঁচপুর পার হতেই তিন ঘণ্টা