পাটুরিয়া-দৌলতদিয়া ও মাওয়া কাওড়াকান্দি নৌপথে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশায় গত বুধবার দিবাগত রাতে প্রথম দফায় ও গতকাল বৃহস্পতিবার ভোর থেকে দ্বিতীয় দফায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে প্রায় ছয় ঘণ্টা ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকে। এ সময় মাঝনদীতে অর্ধশত গাড়ি নিয়ে চারটি ফেরি নোঙর করে ছিল। মাওয়া-কাওড়াকান্দি পথেও ফেরি চলাচল বারবার ব্যাহত হয়েছে।ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকায় এবং এর পাশাপাশি অর্ধদিবস হরতালের কারণে গুরুত্বপূর্ণ এই নৌপথগুলোর দুই প্রান্তে শত শত ট্রাক ও যাত্রীবাহী বাস আটকা পড়ে। দুঃসহ দুর্ভোগ পোহাতে হয় হাজার হাজার যাত্রীকে।আমাদের মানিকগঞ্জ, গোয়ালন্দ (রাজবাড়ী) ও মুন্সিগঞ্জ প্রতিনিধির পাঠানো খবর: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) ও অন্যান্য সূত্রে জানা গেছে, পদ্মায় বুধবার রাত ১১টার দিকে কুয়াশা পড়তে থাকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার তীব্রতাও বাড়তে থাকে। এতে রাত সাড়ে ১২টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া পথে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। রাত দুইটার দিকে দৌলতদিয়া ও আড়াইটার দিকে পাটুরিয়া থেকে ফেরি ও লঞ্চ ধীরগতিতে ছাড়া শুরু হয়। আড়াই ঘন্টা পর পুনরায় ঘন কুয়াশা পড়লে পাটুরিয়া থেকে ভোর সাড়ে পাঁচটার দিকে ও দৌলতদিয়া থেকে ছয়টার দিকে ফেরি ও লঞ্চ ছাড়া আবার বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ সময় মাঝনদীতে অর্ধশত যানবাহন নিয়ে এনায়েতপুরী, শাহপরান, কেরামত আলী ও কুমারী—এই চারটি ফেরি নোঙর করতে বাধ্য হয়। তা ছাড়া, পাটুরিয়া ঘাটে চারটি ও দৌলতদিয়া ঘাটে তিনটি ফেরি যানবাহন ও যাত্রী নিয়ে আটকে থাকে। কুয়াশা কমে গেলে বেলা ১১টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।সংস্থার আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আশরাফ উল্লাহ খান বলেন, ‘ফেরি চলাচল বন্ধ থাকায় এ পথের উভয় ঘাটে পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক ও শতাধিক যাত্রীবাহী বাস আটকা পড়ে। সকাল সাড়ে নয়টায় ফেরি চলাচল স্বাভাবিক হলে আটকে পড়া যানবাহন পারাপার শুরু হয়। এ সময় নদীতে আটকে পড়া ফেরিগুলোও তীরে ভিড়ে।এদিকে, বুধবার রাত ১২টায় ঘন কুয়াশায় মাওয়া-কাওড়াকান্দি পথেও ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। মাঝনদীতে ছয়টি ফেরি আটকা পড়ে। চার ঘণ্টা বন্ধ থাকার পর গতকাল ভোর চারটার দিকে আবার এই সার্ভিস শুরু হয়। কুয়াশা বাড়লে ভোর ছয়টায় তা আবারও বন্ধ হয়ে যায়। সকাল ১০টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। কনকনে ঠান্ডায় ফেরি ও লঞ্চে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকার পাশাপাশি অর্ধদিবস হরতালের কারণে এসব নৌপথের দূরপাল্লার হাজার হাজার বাসযাত্রী চরম দুর্ভোগ পোহান। অনেক যাত্রী দীর্ঘক্ষণ আটকে থাকায় অসুস্থ হয়ে পড়েন।