পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে কয়েক শ যান আটকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা ও যমুনা নদীতে প্রবল স্রোত আর ফেরিসংকটের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যানবাহন পারাপারে মারাত্মক অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এতে পাটুরিয়া ও দৌলতদিয়া ফেরিঘাটে আটকা পড়েছে কয়েক শ পণ্যবাহী ট্রাক ও বাস। দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা। বিআইডব্লিউটিসির আরিচার উপমহাব্যবস্থাপকের কার্যালয় সূত্রে জানা গেছে, আরিচা ফেরি সেক্টরে (পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে) পাঁচটি বড় ফেরিসহ ছয়টি ফেরি চলাচল করছে। এ কারণে যানবাহন পারাপারের সংখ্যা কমে গেছে। এ ছাড়া পদ্মা ও যমুনায় প্রবল স্রোতের কারণে ফেরি চলাচলে আগের তুলনায় সময় বেশি লাগছে। বিআইডব্লিউটিসি সূত্র জানায়, আগে পাটুরিয়া থেকে দৌলতদিয়া যেতে অথবা দৌলতদিয়া থেকে পাটুরিয়া আসতে একটি ফেরির সময় লাগত সর্বোচ্চ আধা ঘণ্টা। স্রোতের কারণে এখন সময় লাগছে এক ঘণ্টারও বেশি। এ কারণে ফেরির ট্রিপ-সংখ্যা কমে গেছে। উপরন্তু ফেরিস্বল্পতা এ সমস্যাকে আরও বাড়িয়ে তুলেছে। ফেরিস্বল্পতার কারণ জানতে চাইলে বিআইডব্লিউটিসির আরিচা অফিসের ব্যবস্থাপক (বাণিজ্য) বিদ্যুৎ কুমার সাহা বলেন, সংস্থার ১২টি রো রো (বড়) ফেরির মধ্যে ১০টি চলাচল করত পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে। বিকল হয়ে পড়ায় এর মধ্যে পাঁচটি ফেরি পর্যায়ক্রমে মেরামত করতে পাঠানো হয়েছে। গত বুধবার রাতে বিকল হয়ে পড়েছে ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান। বিআইডব্লিউটিসির একাধিক সূত্র থেকে অভিযোগ পাওয়া গেছে, পুনর্বাসন ও মেরামতের নামে কোটি কোটি টাকা লোপাট হচ্ছে। লুটপাটের কারণে ফেরিগুলো সঠিকভাবে মেরামত না হওয়ায় বারবার বিকল হয়ে পড়ে। সাড়ে আট কোটি টাকা ব্যয়ে ফেরি শাহ্পরাণ পুনর্বাসন করার পর গত ১৭ এপ্রিল ফেরিটি বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। ৩০ এপ্রিল বেলা ১১টায় পাটুরিয়ায় এনে ফেরিটি চালু করার কয়েক ঘণ্টা পরই বিকল হয়ে পড়ে। পাঁচ কোটিরও বেশি টাকা ব্যয়ে পুনর্বাসন কার্যক্রম শেষে দিন বিশেক আগে পাটুরিয়ায় আনার পর কপতি নামের আরও একটি ফেরি একইভাবে বিকল হয়ে পড়ে। জানতে চাইলে এসব বিষয়ে কোনো মন্তব্য না করলেও বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের সহ-মহাব্যবস্থাপক শাহ্ মোহাম্মদ খালেদ নেওয়াজ বলেন, প্রবল স্রোত আর ফেরিস্বল্পতার কারণে গত বৃহস্পতিবার থেকেই পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে নতুন করে যানজট দেখা দিয়েছে। ওই দুই ঘাটে আটকা পড়েছে প্রায় আট শ পণ্যবাহী ট্রাক ও বাস। ফেরির সংখ্যা বাড়ানো না হলে এ সংকট কাটিয়ে ওঠা অসম্ভব।