পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে গাড়ির দীর্ঘ লাইন, ভোগান্তিতে যাত্রীরা
দেশের গুরুত্বপূর্ণ নৌপথ রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে পারাপারের জন্য শত শত গাড়ি অপেক্ষা করছে। পাটুরিয়া ঘাটে অপেক্ষায় থাকা গাড়ির যাত্রী রাজধানীসহ বিভিন্ন অঞ্চল থেকে আসা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। বিপরীতে দৌলতদিয়া ঘাটে গাড়ি থাকলেও তাতে যাত্রীর চাপ কম।
এর মধ্যে ‘ভিআইপি’ মর্যাদায় পার হচ্ছে কোরবানির পশুবাহী গাড়ি। এসব গাড়িকে বিশেষ সুবিধা দিতে গিয়ে ভোগান্তিতে পড়েছে সাধারণ বাসযাত্রীরা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় জানায়, তিন দিন ধরে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় মিলে ২১টি ফেরি চলাচল করেছে। কিন্তু গতকাল সকালে এই নৌপথ থেকে ‘ক্যামেলিয়া’ নামের একটি ফেরিকে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে নিয়ে যাওয়া হয়েছে। দুটি ফেরি যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে ঘাটে পড়ে আছে। বর্তমানে ১৮টি ফেরি চলাচল করছে। ফেরির সংখ্যা যথেষ্ট হলেও নদীতে তীব্র স্রোতের কারণে পারাপারে সময় লাগছে দ্বিগুণের বেশি। কয়েক দিন ধরে কোরবানির পশুবাহী গাড়িগুলো রাজধানীসহ অন্যান্য অঞ্চলে ছুটতে শুরু করায় এই চাপ সৃষ্টি হয়েছে। প্রতিদিন সন্ধ্যার পর থেকে পরদিন সকাল পর্যন্ত অসংখ্য পশুবাহী গাড়ি দৌলতদিয়া থেকে পাটুরিয়া ঘাটে ভেড়ে। এসব গাড়ি পার হচ্ছে ‘ভিআইপি’ মর্যাদায়।
একটি পরিবহনের ঘাট তত্ত্বাবধায়ক মনির হোসেন বলেন, ‘ভাই, এখন মানুষের চেয়ে পশুর দাম অনেক বেশি। আগে রোগীবাহী অ্যাম্বুলেন্স, পচনশীল কাঁচা পণ্যের গাড়ি এবং যাত্রীবাহী বাস অগ্রাধিকার পেত। ঈদ উপলক্ষে এখন অগ্রাধিকার পাচ্ছে পশুবাহী গাড়ি।’ তিনি জানান, এসব গাড়ি চার লেন সড়কের ডান পাশ দিয়ে সরাসরি ফেরিতে উঠছে। এরপর পার হচ্ছে অ্যাম্বুলেন্স, পচনশীল পণ্যের গাড়ি ও যাত্রীবাহী বাস। সবার শেষে সুযোগ বুঝে সাধারণ পণ্যবাহী গাড়ি পার হচ্ছে।
ঝিনাইদহ থেকে আসা সাধারণ পণ্যের ট্রাকচালক মোহাম্মদ মোল্লা বলেন, ‘গত বুধবার রাতে ঘাটে আসি। রাত শেষে পরদিন বৃহস্পতিবারও রাস্তায় ছিলাম। আজ শুক্রবার সকালে টার্মিনালে দিল। পশুবাহী গাড়ি ও অন্যান্য জরুরি গাড়ি পার হওয়ার পর আমাদের সিরিয়াল। মনে হচ্ছে নদী পাড়ি দিতে গিয়ে তিন দিন অপেক্ষা করতে হবে।’
ঝিনাইদহের মহেশপুর থেকে আসা সংগ্রাম পরিবহনের চালক মোস্তফা শেখ বলেন, ‘মাত্র ১৭ জন যাত্রী নিয়ে দুপুর পৌনে একটার দিকে লম্বা লাইনে আটকা পড়ি। বেলা চারটা বাজলেও এখনো ফেরিতে উঠতে পারিনি।’
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোর ছয়টা থেকে আজ শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত ছয় শতাধিক পশুবাহী গাড়ি পার হয়েছে। সব মিলিয়ে পার হয়েছে চার হাজারের বেশি গাড়ি। গাড়ির এই সংখ্যা স্বাভাবিক সময়ের চেয়ে কয়েকগুণ বেশি। যে কারণে গাড়ি পার হতে যথেষ্ট সময় লেগে যাচ্ছে।