দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে। ঝোড়ো বাতাসের কারণে গতকাল শনিবার বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ছিল। এর আগে দুপুরে দুটি ফেরি চরে আটকা পড়ে।এসব কারণে গতকাল উভয় দিকে শত শত যান আটকা পড়ে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পড়ে হাজারো যাত্রী। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্র জানায়, ঝোড়ো বাতাস এবং উত্তাল ঢেউয়ের কারণে গতকাল সকাল থেকেই ফেরি চলাচল বিঘ্নিত হয়। বেলা দুইটার দিকে প্রবল বাতাসের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ও কেরামত আলী নামের দুটি রো রো (বড়) ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে যমুনা নদীর মধ্যে চরে আটকে পড়ে। এর ১৫ মিনিট পর একটি ফেরি উদ্ধার করা হয়। কিন্তু তিন শতাধিক যাত্রী ও ১৯টি যানবাহন নিয়ে অপর ফেরিটি উদ্ধারে প্রায় দেড় ঘণ্টা লেগে যায়। একটি উদ্ধারকারী জাহাজের সহায়তায় বেলা সাড়ে তিনটার দিকে ফেরিটি উদ্ধার করা হয়। এদিকে প্রবল বাতাসের কারণে নদীতে উত্তাল ঢেউ সৃষ্টি হওয়ায় দুর্ঘটনা এড়াতে বিকেল তিনটার দিকে সব ধরনের ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে রাখে কর্তৃপক্ষ। ফলে উভয় ঘাট এলাকায় চার শতাধিক যাত্রীবাহী বাস ও পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়ে। বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আশরাফ উল্লাহ খান প্রথম আলোকে জানান, বাতাসের তীব্রতা কমে যাওয়ার পর বেলা চারটার দিকে থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। এরপর যানবাহনের চাপ কমতে শুরু করে। যাত্রীদের দুর্ভোগ কমাতে যাত্রীবাহী বাসগুলোকে অগ্রাধিকারের ভিত্তিতে পারাপার করা হচ্ছে বলেও জানান তিনি।