পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ ফেরিসংকট, পারাপারে বিঘ্ন
ফেরিসংকটের কারণে গত কয়েক দিনে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যানবাহন পারাপারে বিঘ্ন ঘটছে। প্রতিদিনই উভয় ঘাটে নদী পার হতে আসা শত শত যানবাহন আটকে পড়ে যানজটের সৃষ্টি হচ্ছে। আর যানজটে আটকা পড়ে দুর্ভোগের শিকার হচ্ছেন এসব যানবাহনের যাত্রী ও যানবাহনের শ্রমিকেরা।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা সূত্রে জানা গেছে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যানবাহন পারাপারের জন্য ১২টি ফেরি বরাদ্দ থাকলেও চলাচল করছে নয়টি ফেরি। ১৮ মে পাটুরিয়া-কাজিরহাট উদ্বোধন করা হয়। ফলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চলাচলকারী দুটি ফেরি এ পথে আনা হয়েছে। বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চলাচল করছে মাত্র সাতটি ফেরি।এগুলো হচ্ছে রোরো (বড়) শাহজালাল, আমানত শাহ, শাহ আলী, কেরামত আলী, ভাষাশহীদ বরকত, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ও কে টাইপ (ছোট) কুমারী। আর পাটুরিয়া-কাজিরহাট নৌপথে কপোতী ও কাবেরী নামের দুটি ছোট ফেরি যানবাহন পারাপারে নিয়োজিত রয়েছে। সূত্র আরও জানায়, কয়েক দিন ধরে প্রপেলারে সমস্যার কারণে খানজাহান আলী পাটুরিয়ার ভাসমান কারখানায় রয়েছে। এর আগে রোরো ফেরি শাহপরান, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ও এনায়েতপুরী মেরামতের জন্য নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে পাঠানো হয়।এ কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরিস্বল্পতার কারণে কয়েক দিনে উভয় ঘাটে যানজট লেগেই থাকছে। যাত্রীবাহী বাসগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে আগে পারাপার করায় গতকাল রোববার বিকেলে পাটুরিয়া অর্ধশত বাস অপেক্ষায় দেখা গেছে।অন্যদিকে তিন শতাধিক পণ্যবাহী ট্রাক নদী দীর্ঘ সারিতে অপেক্ষায় ছিল। বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) বিদ্যুৎ কুমার সাহা বলেন, চাহিদার তুলনায় ফেরির সংখ্যা কম থাকায় উভয় ঘাট এলাকায় প্রতিদিনই যানজটের সৃষ্টি হচ্ছে। বিকেলের পর থেকে যানবাহনের সারি অনেকটা কমতে থাকলেও রাতের বেলায় তা বেড়ে যায়। তিনি জানান, মাওয়া-চরজানাজাতপুর নৌপথে চলাচলকারী ফেরি শাহ মখদুম গতকাল রোববার রাতে পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি বহরে যোগ হওয়ার কথা। এ ছাড়া আরেকটি ফেরি যুক্ত হলে এ নৌপথে যানবাহন পারাপার স্বাভাবিক রাখা সম্ভব।