পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে আরও দুটি ফেরি যুক্ত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী দু-এক দিনের মধ্যে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে আরও দুটি ফেরি যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। গতকাল শনিবার বিকেলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ঈদে ঘরমুখী যাত্রী ও যানবাহনের চাপ সামাল দিতে নেওয়া বিভিন্ন উদ্যোগ পরিদর্শনে এসে পাটুরিয়া ঘাটে তিনি এ কথা জানান। নৌমন্ত্রী বলেন, ৭০ বছর পর বাংলাদেশে নতুন দুটি স্টিমার আনা হচ্ছে। আগামী ঈদুল আজহার আগেই এগুলো বরিশালে চলাচলের জন্য বরাদ্দ দেওয়া হবে। তিনি আরও বলেন, ঈদের আগে ও পরে লঞ্চগুলোতে অতিরিক্ত যাত্রী বহন করা হয়ে থাকে। অতিরিক্ত যাত্রী বহনকারী এসব লঞ্চের মালিক ও চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যেক লঞ্চের নিচে ওভারলোড লেভেল দেওয়া রয়েছে। লেভেল অতিক্রম করলে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। তিনি এসব লেভেল দেখে যাত্রীদের লঞ্চে ওঠার পরামর্শ দেন।এ সময় মন্ত্রীর সঙ্গে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মজিবুর রহমান, মহাব্যবস্থাপক (মেরিন) শওকত সর্দার, মানিকগঞ্জের জেলা প্রশাসক মো. মাসুদ করিম, পুলিশ সুপার (এসপি) বিধান ত্রিপুরা উপস্থিত ছিলেন।