
মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ১৯টি ফেরির মধ্যে ১৪টি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। এ ছাড়া নদীতে তীব্র স্রোতের কারণে ফেরি চলাচলে স্বাভাবিকের তুলনায় প্রায় তিন গুণ সময় লাগছে।
এদিকে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিষনন্দী ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কড়িকান্দি ফেরিঘাটে যান চলাচলে সমস্যা হচ্ছে। কড়িকান্দি ফেরিঘাটের সড়ক পানিতে এক সপ্তাহ ধরে তলিয়ে থাকায় এ অবস্থার সৃষ্টি হচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদুল ফিতরের প্রায় দুই সপ্তাহ পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৯টি ফেরির মধ্যে তিনটি ফেরি অন্য নৌপথে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে ১৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। তবে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ও বীরশ্রেষ্ঠ মতিউর রহমান নামে দুটি রো রো ফেরির যান্ত্রিক সমস্যা দেখা দেয়। দুটি ফেরি পাটুরিয়া ঘাটে বসা রয়েছে।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের প্রকৌশল বিভাগ সূত্র জানায়, এই নৌপথে যানবাহন পারাপারকারী ফেরিগুলো অতি পুরোনো। এ কারণে চলাচলের সময় প্রায়ই কোনো না কোনো ফেরি যান্ত্রিক সমস্যায় পড়ছে। এতে দীর্ঘ সময় মেরামতে থাকতে হচ্ছে ফেরিগুলোকে। কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী এনামুল হক গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘এখানকার কয়েকটি ফেরির বয়স ৪০ বছরেরও বেশি। এসব ফেরি দিন-রাত ২৪ ঘণ্টাই চলাচল করছে। এতে মাঝেমধ্যে ছোটখাটো ত্রুটি দেখা দেয়। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের নতুন ইঞ্জিন স্থাপন করার সিদ্ধান্ত হয়েছে। আর স্রোত কমলে হামিদুর রহমানকে যানবাহন পারাপারে যুক্ত করা হবে।’

গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত পাটুরিয়া ঘাট ঘুরে দেখা গেছে, যানবাহনের সারি কখনো ঘাট এলাকা ছাড়িয়ে এক কিলোমিটার আবার কখনো দুই কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হয়। প্রতিটি যাত্রীবাহী বাসকে এক থেকে দুই ঘণ্টা করে ঘাট এলাকায় আটকে থাকতে হচ্ছে।
বেলা একটার দিকে কথা হয় পাটুরিয়া ঘাটে টিকিট কাউন্টারের কাছে খুলনাগামী সাদ পরিবহনের একটি বাসের যাত্রী আবদুল্লাহ আল হাসনাতের সঙ্গে। তিনি জানালেন, ব্যবসায়িক কাজে মাসে দুই-তিনবার তাঁকে ঢাকায় যাওয়া-আসা করতে হয়। ঘাটে এসে দীর্ঘক্ষণ আটকে থেকে তাঁকে প্রায়ই দুর্ভোগ পোহাতে হয়।
শৌখিন পরিবহন বাসের চালক মফিজুল হক বলেন, সপ্তাহে দুবার এই নৌপথ পারাপার হতে হয়। প্রতিবারই ঘণ্টার পর ঘণ্টা ঘাটে আটকে থাকতে হয়।
এসব বিষয়ে বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) জিল্লুর রহমান বলেন, যাত্রীদের ভোগান্তি কমাতে এই নৌপথে আরও তিনটি ফেরি আনা হচ্ছে। নতুন করে তিনটি পারাপারে যুক্ত হলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। তবে নদীতে স্রোত থাকলে যানবাহন পারাপার কিছুটা ব্যাহত হবে।

আড়াইহাজার ফেরিঘাট পানির নিচে
নারায়ণগঞ্জের সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি ও নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা সেতু এলাকায় যানজটের কারণে বাঞ্ছারামপুর-আড়াইহাজার-ভুলতা সড়কে হালকা যানের চলাচল অনেক বেড়ে গেছে। এই সড়কটি ব্যবহার করে প্রতিদিন কয়েক হাজার যান দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে। বিষনন্দী-কড়িকান্দি ফেরিঘাটের কড়িকান্দি এলাকায় পন্টুন থেকে প্রায় ৩০ ফুট রাস্তা মেঘনা নদীর পানি বৃদ্ধির কারণে তলিয়ে গেছে। এতে ফেরিতে যানবাহন ওঠানামায় সমস্যা হচ্ছে। ভোগান্তির শিকার হচ্ছেন চালক ও যাত্রীরা।
গতকাল কড়িকান্দি ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, ঘাটের পন্টুন থেকে সংযোগ সড়কের একাংশ পানির নিচে তলিয়ে আছে। অটোরিকশা ও মাইক্রোবাস পানিতে আটকে যাচ্ছে। এতে যানজটে ভোগান্তির শিকার হচ্ছে মানুষ।
ঘাট এলাকার ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান বলেন, ঘাটটি পানিতে ডুবে যাওয়ায় প্রায়ই পানিতে গাড়ি আটকে যাচ্ছে। আর গাড়ির লাইনও বড় হয়ে ঘণ্টার পর ঘণ্টা যানজট লেগে থাকে।
ফেরির ইজারাদার মাহবুবুল আলম বলেন, ‘ফেরিঘাটের কড়িকান্দি অংশ এক সপ্তাহ ধরে পানির নিচে চলে গেছে। ঘাটটি জরুরি ভিত্তিতে সংস্কার করতে আমি সওজ কর্তৃপক্ষকে বলে বলে ক্লান্ত। ঢাকা-চট্টগ্রাম সড়কের যানজটের কারণে অনেক গাড়িই বাঞ্ছারামপুর-আড়াইহাজার-ভুলতা সড়ক ব্যবহার করছে। এতে যেকোনো সময়ের চেয়ে গাড়ির চাপ কয়েক গুণ বেশি।’
নারায়ণগঞ্জের সওজের উপবিভাগীয় প্রকৌশলী আবদুছ ছাত্তার শেখ বলেন, ‘এই বিষয়ে কেউ আমাদের জানায়নি। খোঁজ নিয়ে দ্রুত সংস্কারকাজ করে দেব।’