পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সাত ঘণ্টা ফেরি চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশার কারণে গত বুধবার রাত দুইটা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ ছিল।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, গত বুধবার মধ্যরাত থেকে শতাধিক যানবাহন এবং প্রায় ছয় হাজার যাত্রী নিয়ে মাঝনদীতে আটকে ছিল ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, খানজাহান আলী, শাহ আলী, কেরামত আলী ও কপোতী। অন্যদিকে দৌলতদিয়া ঘাটে আটকে ছিল ফেরি শাহ পরান, শাহজালাল ও ইউটিলিটি অপরাজিতা আর পাটুরিয়া ঘাটে আটকে ছিল দোলনচাঁপা নামের আরেকটি ইউটিলিটি ফেরি।এ সময় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের উভয় ঘাটে দেড় হাজারের মতো যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। যানবাহনের দীর্ঘ লাইন টার্মিনাল ছাড়িয়ে মহাসড়কের দেড় থেকে দুই কিলোমিটার পর্যন্ত দখল করে। এই নৌপথের উভয় পাশে এবং মাঝনদীতে প্রায় ১০ হাজার যাত্রী দীর্ঘ সাড়ে সাত ঘণ্টা তীব্র শীতে অবর্ণনীয় দুর্ভোগ পোহায়। তবে কুয়াশা কাটতে শুরু করলে গতকাল সকাল সাড়ে নয়টা থেকে আবার ফেরি চলাচল শুরু করে।বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) বিদ্যুৎ কুমার সাহা ও দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক অর্পণ কুমার চন্দ জানান, ঘন কুয়াশার কারণে প্রায় প্রতিদিনই এ নৌপথে ফেরি পারাপার বন্ধ থাকে।