পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সাড়ে আট ঘণ্টা ফেরি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশার কারণে গত শনিবার রাত ১০টা থেকে গতকাল রোববার সকাল সাড়ে আটটা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকে। সাড়ে আট ঘণ্টা ফেরি পারাপার বন্ধ থাকায় উভয় ঘাটে এক হাজারের বেশি গাড়ি আটকা পড়ে।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্র জানায়, শনিবার সন্ধ্যার পর থেকেই কুয়াশা পড়তে শুরু করে। একপর্যায়ে রাত ১০টার দিকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় পাটুরিয়া থেকে ৭৫টি গাড়ি নিয়ে যাত্রা করা কেরামত আলী, শাহ আলী, কপোতী, কাবেরী ও কুমারী নামের পাঁচটি ফেরি মাঝনদীতে নোঙর করতে বাধ্য হয়। ফেরিগুলো প্রায় সাড়ে আট ঘণ্টা মাঝনদীতে আটকে থাকে। এ সময় নদী পার হতে আসা এক হাজারের বেশি গাড়ি উভয় ঘাটে আটকা পড়ে। এতে যাত্রী ও পরিবহনশ্রমিকেরা দুর্ভোগে পড়েন। কুয়াশার ঘনত্ব কমে গেলে গতকাল সকাল সাড়ে আটটার দিকে আবার ফেরি চলাচল শুরু হয়।বিআইডব্লিউটিসির অরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আশরাফ উল্লাহ খান বলেন, ফেরি চলাচল শুরু হলে যাত্রীবাহী কোচগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে আগে পারাপার করা হয়। দুপুর ১২টার পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।