নাব্যতা সংকট, ফেরি ও ঘাটস্বল্পতার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচলে বিঘ্ন দেখা দিয়েছে। দুই দিন ধরে দুই ঘাটে কয়েক শ পণ্যবাহী ট্রাক ও বাস আটকা পড়েছে। এতে যাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছে। এ ব্যাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছে। বিআইডব্লিউটিসির আরিচা উপমহাব্যবস্থাপকের কার্যালয় সূত্রে জানা গেছে, তিন দিন ধরে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে পানি কমতে শুরু করে। কোথাও কোথাও পানির গভীরতা সাড়ে সাত ফুটে নেমে আসে। পানি কম থাকায় তিন দিন ধরে অর্ধেক বোঝাই হয়ে ফেরি চলাচল করছে। পাটুরিয়া ঘাটের তিনটি এবং দৌলতদিয়া ঘাটের দুটি পন্টুন নামিয়ে দেওয়ার কারণে পন্টুনের র্যাম অনেক ঢালু হয়ে গেছে। এতে ফেরিতে যানবাহন ওঠানামায় সময় বেশি লেগে যাচ্ছে। এর প্রভাবে পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে দুই দিন ধরে যানজটের সৃষ্টি হচ্ছে। বুধবার রাতে যানজট পরিস্থিতির আরও অবনতি হয়। বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয় সূত্র জানায়, বুধবার রাত ১০টার পর যানবাহনের লাইন ঘাট ছেড়ে ঢাকা-আরিচা মহাসড়কের দুই কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়ে পড়ে। গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত যানবাহনের দীর্ঘ লাইন চোখে পড়ে। গতকাল বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত উভয় ঘাটে এক হাজারেরও বেশি পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় ছিল। তবে বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের ঊর্ধ্বতন উপপরিচালক মো. জয়নাল আবেদিন জানান, দ্রুত পানি কমার ফলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের ৪০০ ফুট এলাকাজুড়ে পানির গভীরতা সাড়ে সাত ফুটে এসে দাঁড়ায়। কিন্তু গত দুই দিন ড্রেজিং করার পর গতকাল সকালে পানির গভীরতা বাড়ানো হয়। বর্তমানে সেখানে ১০ ফুট পানি রয়েছে। কাওড়াকান্দি-মাওয়া পথেও যানজটনাব্যতা সংকট, দুটি ঘাট অচল ও ফেরিস্বল্পতায় আবারও কাওড়াকান্দি-মাওয়া নৌপথে যানজট দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার বিকেল পর্যন্ত কাওড়াকান্দি ঘাটে তিন শতাধিক যান আটকা পড়ে। বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি সূত্র জানায়, পদ্মা নদীতে অব্যাহত পানি হ্রাসের কারণে কয়েক দিন ধরে কাওড়াকান্দি ঘাট থেকে লৌহজং পর্যন্ত ১৪ কিলোমিটার পথে নাব্যতা সংকট চরম আকার ধারণ করেছে। ফেরিগুলো ধারণক্ষমতার চেয়ে কমসংখ্যক যান নিয়ে বা হালকা যান নিয়ে পারাপার হচ্ছে। গত দুই দিন আগে এ নৌপথের রো রো ফেরি ‘শহীদ বরকত’ দৌলতদিয়া ঘাটে স্থানান্তরিত করা হয় ও ফ্ল্যাট ফেরি ‘রানীক্ষেত’ বিকল হয়ে মাওয়া ডকইয়ার্ডে রয়েছে। সাতটি ফেরি দিয়ে যান পারাপার করতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। পানি কমে যাওয়ায় কাওড়াকান্দির ১ নম্বর ঘাটটি অচল হয়ে পড়েছে এবং ৩ নম্বর ঘাটের রাস্তা খারাপ থাকায় ভারী যান ওঠানামা করতে পারছে না। এ ঘাট দুটিও অচল অবস্থায় রয়েছে। মাত্র ২ নম্বর ফেরি ঘাটটি সম্পূর্ণ সচল রয়েছে। বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক আশিকুজ্জামান জানান, নাব্যতা সংকটে কাওড়াকান্দির দুটি ঘাট প্রায় অচল হয়ে পড়ায় মাত্র একটি ঘাট সম্পূর্ণ ব্যবহার করা হচ্ছে। ফেরিস্বল্পতার কারণেও যানজটের সৃষ্টি হয়েছে।[প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন অরূপ রায়, মানিকগঞ্জ; রাশেদ রায়হান, গোয়ালন্দ (রাজবাড়ী) ও আয়েশা সিদ্দিকা, শিবচর (মাদারীপুর)]