ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে আজ শুক্রবার সকালে সাড়ে তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে আট শতাধিক যানবাহন আটকা পড়েছে। কনকনে শীতে দুর্ভোগে পড়েছেন যাত্রী, চালক ও শ্রমিকেরা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার মধ্যরাত থেকে কুয়াশা ঘন হতে থাকে। ভোর ছয়টার দিকে কুয়াশার পরিমাণ আরও বেড়ে গেলে নৌদুর্ঘটনা এড়াতে ফেরি পারাপার বন্ধ করে দেওয়া হয়। এ সময় পাটুরিয়া থেকে ছেড়ে যাওয়া ফেরি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, শাহ আলী ও আমানত শাহ এবং দৌলতদিয়া থেকে ছেড়ে আসা ভাষাশহীদ বরকত ও কপোতীকে যানবাহন নিয়ে মাঝ নদীতে নোঙর করতে হয়। এ ছাড়া ওই সময় পাটুরিয়া ঘাটে পাঁচটি ফেরি যানবাহন নিয়ে ছাড়ার অপেক্ষায় ছিল।
পারাপার বন্ধ থাকায় উভয় ঘাটে পণ্যবাহী ছয় শতাধিক ট্রাক ও যাত্রীবাহী দুই শতাধিক বাস ও ছোট-বড় গাড়ি আটকা পড়ে। দুর্ভোগে পড়েন যানবাহনের যাত্রী এবং পণ্যবাহী ট্রাকের চালক ও শ্রমিকেরা।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. মহিউদ্দিন রাসেল প্রথম আলোকে বলেন, কুয়াশার তীব্রতা কমে গেলে সকাল সাড়ে নয়টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। তবে যানবাহনের চাপ স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।