পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশায় মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। গতকাল শনিবার মধ্যরাত থেকে আজ রোববার সকাল নয়টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। এতে দুর্ভোগে পড়েন যাত্রী এবং পণ্যবাহী ট্রাকের চালক ও শ্রমিকেরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্র জানায়, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১০টি রো রো (বড়) এবং দুটি কে-টাইপ (মাঝারি) ফেরি চলাচল করে। গতকাল মধ্যরাত থেকে কুয়াশার পরিমাণ বাড়তে থাকলে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় পাটুরিয়ায় সাতটি এবং দৌলতদিয়া প্রান্তে পাঁচটি নোঙর করা ছিল। ফলে বিভিন্ন যানবাহনে থাকা যাত্রী এবং পণ্যবাহী ট্রাকের চালক ও শ্রমিকদের দুর্ভোগ পোহাতে হয়।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. মহিউদ্দিন রাসেল প্রথম আলো অনলাইনকে বলেন, কুয়াশার তীব্রতা কমে গেলে সকাল নয়টার দিকে ফেরি চলাচল শুরু হলে যানবাহন পারাপার স্বাভাবিক হয়ে আসে।