পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়নি
পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল গতকাল রোববারও স্বাভাবিক ছিল না। দৌলতদিয়া চ্যানেলে পানি কম থাকায় ধারণক্ষমতার অর্ধেকের কম বোঝাই দেওয়ার পরও ফেরি আটকে গেছে। বিকেল সাড়ে পাঁচটায় প্রথমে দৌলতদিয়া চ্যানেলে একটি ফেরি আটকে যায়। সন্ধ্যা সাড়ে সাতটায় সেটি উদ্ধার করলে চলাচল স্বাভাবিক হয়। রাত পৌণে ৯টায় আরেকটি ফেরি চ্যানেলে আটকে গেলে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল আর স্বাভাবিক হয়নি। ফেরি চলাচল স্বাভাবিক না থাকায় দুই ঘাটেই যানজট ছিল। তবে পাটুরিয়ার তুলনায় দৌলতদিয়ায় যানজট ছিল বেশি। ফেরি আটকে যাওয়ার কারণে শনিবার সকাল থেকে টানা নয় ঘণ্টা পারাপার বন্ধ ছিল। সূত্র জানায়, গতকাল দুপুর ১২টার দিকে মাত্র আটটি পরিবহন নিয়ে দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়ার কয়েক মিনিট পরই ফেরি খানজাহান আলী চরে আটকে পড়ে। এর কিছুক্ষণ পর আটকে পড়ে শাহ মখদুমসহ আরও একটি ফেরি। আধা ঘণ্টা চেষ্টা করে ফেরির মাস্টাররা দুইটি ফেরি নিয়ে পাটুরিয়া ঘাটে ভিড়তে সক্ষম হলেও ফেরি খানজাহান আলী আটকে থাকে। পরে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ‘আশা’ বেলা একটার দিকে ফেরিটি উদ্ধার করে।ফেরি চলাচল স্বাভাবিক রাখতে উভয় ঘাটের কাছে চ্যানেলের খননকাজ গতকালও বন্ধ ছিল। সপ্তাহ খানেক আগে শুরু হওয়া খননকাজ গত শনিবার থেকে বন্ধ রাখা হয়। তবে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী দু-এক দিনের মধ্যেই খননকাজ আবার শুরু করা হতে পারে বলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্রে জানা গেছে। বিকেল সাড়ে পাঁচটার দিকে পাটুরিয়া থেকে দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়া ফেরি শাহআলী দৌলতদিয়া চ্যানেলে আটকে পড়ে। ফলে নৌপথটিতে ফেরি চলাচল বন্ধ হয়ে রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগ আবারও বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, চ্যানেলে পর্যাপ্ত পানি না থাকায় ২৪ থেকে ২৮টি গাড়ির পরিবর্তে মাত্র ছয় থেকে সাতটি যানবাহন বোঝাই দিয়ে ফেরি চালাতে হচ্ছে। এর পরও ফেরিগুলো চরে আটকে পড়ছে। দৌলতদিয়া ঘাটে খনন কাজের দায়িত্বে থাকা বিআইডব্লিউটিএর ড্রেজিং ইউনিটের সহকারী প্রকৌশলী আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, শনিবার ভোরে ফেরির ধাক্কায় ড্রেজারের পাইপ ফেটে খননকাজ বন্ধ হয়ে যায়। এ ছাড়া চ্যানেলের প্রশস্ততা কম হওয়ার কারণে খনন কাজের জন্য চ্যানেলে ড্রেজার স্থাপন করা হলে ফেরি চলাচল বিঘ্নিত হয়। এসব কারণে খননকাজ বন্ধ রাখা হয়েছে। বিআইডব্লিউটিএর পরামর্শক-প্রতিষ্ঠান সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফি ইন ফরমেশন সার্ভিসেসের (সিইজিআইএস) উপনির্বাহী পরিচালক মমিনুল হক সরকারের নেতৃত্বে তিন সদস্যের একটি বিশেষজ্ঞ দল গতকাল ঘাটের কাছে জরিপকাজ চালায়। মমিনুল হক বলেন, প্রতিবছর এই সময় পানি কমে যায়। তবে এ বছর পানি বেশি কমে যাওয়ায় এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে।