পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে দুটি ফেরি বাড়ানো হয়েছে। এই ফেরি দুটি আজ বুধবার থেকে চলাচল শুরু করবে। এ নিয়ে এই পথে ফেরির সংখ্যা হবে ১১টি। গতকাল মঙ্গলবার সকালে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট পরিদর্শন শেষে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ফেরির সংখ্যা বাড়ানোর ঘোষণা দেন।নৌপরিবহনমন্ত্রী বলেন, পূর্বসিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সাধারণ পণ্যবাহী ট্রাকের ফেরি পারাপার বন্ধ থাকবে। তবে অতি প্রয়োজনীয় পণ্যবাহী ট্রাক পার হতে পারবে।বিকেল সাড়ে চারটার দিকে নৌমন্ত্রী মাওয়া ঘাট পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বর্তমান সরকার চাঁদাবাজি বন্ধে বদ্ধপরিকর। চাঁদাবাজদের যেকোনো মূল্যে রুখতে হবে। চাঁদাবাজ যেই হোক না কেন তাকে ছাড় দেওয়া হবে না। মন্ত্রী বলেন, মাওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক রাখতে ড্রেজিং (খনন) করা হবে।মন্ত্রী গতকাল সকালে প্রথমে পাটুরিয়া ফেরিঘাটে যান। এ সময় তিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) ও স্থানীয় প্রশাসনকে ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করার ও যানবাহন পারাপার স্বাভাবিক রাখার নির্দেশ দেন। এ ছাড়া লঞ্চে যাতে অতিরিক্ত যাত্রী পরিবহন করা না হয়, তা নিশ্চিত করতে বলেন।নৌপরিবহনমন্ত্রী পরে দৌলতদিয়া ফেরি ও লঞ্চঘাটে যান। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ঘাটে দালালদের দৌরাত্ম্য, ছিনতাই, চাঁদাবাজি দূর করতে স্থানীয় শ্রমিক সংগঠন ও প্রশাসনের সহযোগিতায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এর পরও ঘাটে চাঁদাবাজির কোনো অভিযোগ পাওয়া গেলে তাত্ক্ষণিকভাবে ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া ফেরিতে জুয়া খেলা বন্ধে গতকাল থেকে হকারদের ফেরিতে ওঠা বন্ধ করার নির্দেশ দেন মন্ত্রী।[প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ এবং মুন্সিগঞ্জ ও গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি]