পাটুরিয়া-দৌলতদিয়ায় ১১ ঘণ্টা ফেরি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে গত বুধবার রাত ১০টা থেকে ১১ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে। একই কারণে বুধবার রাত থেকে মাওয়া-কাওড়াকান্দি নৌপথে ১০ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে। এতে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া কার্যালয় সূত্র জানায়, বুধবার রাত আটটার পর থেকে কুয়াশা পড়তে শুরু করে। কুয়াশার তীব্রতা বেড়ে গেলে রাত ১০টার দিকে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। মাঝনদীতে ফেরি শাহ আলী নোঙর করতে বাধ্য হয়। পাটুরিয়া ঘাটে শাহ জালাল, আমানত শাহ, কেরামত আলী ও কাবেরী এবং দৌলতদিয়া ঘাটে ভাষাশহীদ বরকত, এনায়েতপুরী, শাহ পরাণ, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান নামের চারটি ফেরি যানবাহন নিয়ে নোঙর করে থাকে। এ সময় নদী পারের জন্য উভয় ঘাটে কয়েক শ ট্রাক ও দুই শতাধিক বাস আটকা পড়ে। কুয়াশা কমে গেলে গতকাল সকাল নয়টার দিকে ফেরি চলাচল শুরু হয়। এই দীর্ঘ সময় কনকনে শীতে যাত্রী ও যানবাহনের শ্রমিকেরা চরম দুর্ভোগের শিকার হন। বিআইডব্লিউটিসি পাটুরিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আশরাফ উল্লাহ খান বলেন, পাটুরিয়া থেকে প্রায় ২০টি যানবাহন নিয়ে ফেরি শাহ আলী দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে গেলে মাঝনদীতে গিয়ে আটকা পড়ে। এ ছাড়া ঘাটে চারটি ফেরি যানবাহন নিয়ে নোঙর করে থাকে। বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি কার্যালয় সূত্র জানায়, মাওয়া-কাওড়াকান্দি নৌপথে বুধবার রাত নয়টা থেকেই কুয়াশা বাড়তে থাকে ও ফেরি চলাচল ব্যাহত হয়। পরে রাত ১২টার দিকে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। ছয়টি ফেরি পদ্মা নদীর মাঝখানে আটকে থাকে। গতকাল সকাল ১০টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। সকাল সাড়ে নয়টায় মাদারীপুর সার্কিট হাউসে একটি অনুষ্ঠান শুরুর আগে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, কুয়াশার মধ্যে চলাচলের ব্যবস্থা করার আধুনিক তেমন কোনো প্রযুক্তি নেই। তাই নৌযান চলাচল বন্ধ থাকলেও কিছু করা সম্ভব হচ্ছে না।