পাটুরিয়া-মাওয়া ঘাটে দীর্ঘ যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের ছুটির প্রথম দিনে আজ সোমবার পাটুরিয়া ও মাওয়া ঘাটে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পাটুরিয়া ঘাটে একটি নৌ-চ্যানেলের নাব্যতা কমে যাওয়ায় ও মাওয়া ঘাটে অতিরিক্ত যানবাহনের চাপে এ যানজটের সৃষ্টি হয়। আকস্মিক এই যানজটের কবলে পড়ে দীর্ঘ সময় ঈদে ঘরমুখো মানুষকে দুর্ভোগ পোহাতে হয়।

আমাদের মানিকগঞ্জ প্রতিনিধি জানান, আজ বেলা দুইটা পর্যন্ত পাটুরিয়া ঘাট থেকে পাটুরিয়া-ঢাকা মহাসড়কের প্রায় দুই কিলোমিটার এলাকায় যানবাহনের দীর্ঘ সারি ছিল। তবে বেলা সাড়ে তিনটার পর থেকে তা কমতে শুরু করে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্রে সকালে জানা যায়, পলি জমে দৌলতদিয়া অংশে দুটি নৌ-চ্যানেলের একটির নাব্যতা কমে যায়। এ কারণে গতকাল রোববার রাত একটার পর থেকে ওই চ্যানেলে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এতে একটি চ্যানেল দিয়ে ওয়ানওয়ে পদ্ধতিতে ফেরিগুলোকে যানবাহন পারাপার করতে হয়। এতে ফেরির ট্রিপ সংখ্যা কমে যায়।

আরিচা ঘাটের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, নাব্যতা সংকটপূর্ণ ওই নৌ-চ্যানেলটি দুটি শক্তিশালী ড্রেজার দিয়ে খনন করা হচ্ছে। বিকেলের দিক থেকে এই চ্যানেল দিয়ে ছোট ফেরি ও লঞ্চ চলাচল শুরু করেছে।

এ ছাড়া নদীতে প্রচণ্ড স্রোতের কারণে ফেরিগুলোর পার হতে অতিরিক্ত সময় লাগে। একই সঙ্গে আজ ভোর চারটা থেকে পাটুরিয়ায় যাত্রীবাহী যানবাহনের চাপ ছিল অনেক।

ভুক্তভোগী যাত্রীরা অভিযোগ করেন, বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির কর্মকর্তাদের গাফিলতির কারণে তাঁদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। আগে থেকে খনন শুরু হলে ঈদের আগ মুহূর্তে এই পরিস্থিতির সৃষ্টি হতো না।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক (বাণিজ্য) বিদ্যুত্ কুমার সাহা প্রথম আলোকে বলেন, এই নৌপথে ১৭টি ফেরি যানবাহন পারাপার করছে। বিকেলের মধ্যে খননের মাধ্যমে নৌপথটি সচল হলে এ সংকট কেটে যাবে।

মুন্সিগঞ্জ প্রতিনিধি জানান, মাওয়া-কাওড়াকান্দি সড়কপথে মাওয়া ঘাটে দীর্ঘ পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। তা মুন্সিগঞ্জের শ্রীনগরের ফেরিঘাট পর্যন্ত পৌঁছেছে। তবে দুপুরের পর থেকে যানজট কমতে শুরু করেছে।

মাওয়া ঘাটে বিআইডব্লিউটিএর ব্যবস্থাপক সিরাজুল হক জানান, ঈদের আগের দিন হওয়ায় আজ যানবাহনের চাপ বেশি। তবে ঘাটের সব ফেরিই চলাচল করছে।