পাটুরিয়ায় ছয় ফেরি বিকল, তীব্র যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছয়টি ফেরি বিকল থাকায় মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া ঘাটে তীব্র যানজট। ছবিটি বেলা দুইটার দিকে তোলা l প্রথম আলো
ছয়টি ফেরি বিকল থাকায় মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া ঘাটে তীব্র যানজট। ছবিটি বেলা দুইটার দিকে তোলা l প্রথম আলো

ছয়টি ফেরি বিকল থাকায় ও নদীতে প্রবল স্রোতের কারণে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটে তীব্র যানজট দেখা দেয়। এসব যানবাহনের সারি ঘাট এলাকা ছাড়িয়ে ঢাকা-আরিচা মহাসড়কের সংযোগ উথলী-পাটুরিয়া সড়কের প্রায় চার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ছোট-বড় ১৮টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হয়। এসব ফেরির অধিকাংশই পুরোনো। তীব্র স্রোতের প্রতিকূলে যানবাহন নিয়ে ফেরিগুলোকে বাড়তি শক্তি ব্যবহার করে চলতে হচ্ছে। এ কারণে মাঝেমধ্যে বিকল হয়ে পড়ছে ফেরি। গত চার দিনে দুটি রো রো (বড়), একটি কে-টাইপ (মাঝারি) ও তিনটি কে-টাইপ (ছোট) ফেরিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফেরিগুলো হলো বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, শাহজালাল, কাবেরী, বনলতা, হাসনাহেনা ও মাধবীলতা। এর মধ্যে মাধবীলতা প্রায় চার মাস ধরে বিকল হয়ে পড়ে আছে। মেরামতের জন্য ফেরিগুলোকে পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতিতে রাখা হয়েছে। বর্তমানে এ নৌপথে ১৮টির মধ্যে ১২টি ফেরি যানবাহন পারাপার করছে। এতে যানবাহন পারাপারে চাপ বাড়ছে।
এ ছাড়া গত কয়েক দিনে পানি বাড়ায় নদীতে স্রোতও বেড়েছে। এতে যানবাহন পারাপারে ফেরিগুলোকে স্বাভাবিকের চেয়ে বেশি সময় ব্যয় করতে হচ্ছে। স্বাভাবিক অবস্থায় পাটুরিয়া থেকে দৌলতদিয়া ঘাটে যেতে একটি ফেরির ৩০-৩৫ মিনিট সময় লাগে। স্রোতের কারণে এখন এক ঘণ্টারও বেশি সময় লাগছে। এতে উভয় ঘাটে যানবাহনের চাপ বেড়ে যানজটের সৃষ্টি হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সারা দিনই পাটুরিয়ায় নদী পার হতে আসা যানবাহনের দীর্ঘ সারি ছিল। দুপুর ১২টার দিকে পাটুরিয়া ঘাট ছেড়ে উথলী-পাটুরিয়া সংযোগ সড়কের নবগ্রাম পর্যন্ত প্রায় চার কিলোমিটারজুড়ে তিনি শতাধিক যাত্রীবাহী বাস ও দুই শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে ছিল। তবে দুপুরের পর যানবাহনের চাপ কিছুটা কমে আসে।
বিকেল সাড়ে পাঁচটায় পাটুরিয়া ফেরিঘাটের দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) আনোয়ার হোসেন বলেন, দুই শতাধিক যাত্রীবাহী বাস নদী পারের জন্য উথলী-পাটুরিয়া সড়কে আটকে আছে।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন বলেন, মূলত দুটি কারণে পাটুরিয়ায় যানজট দেখা দিয়েছে। স্রোতের কারণে যানবাহন পারাপারে দ্বিগুণ সময় নিচ্ছে ফেরিগুলো। এ ছাড়া বিকল থাকায় পারাপারে ফেরির সংখ্যা কমে যাওয়ায় ঘাটে যানবাহনের চাপ বেড়ে যায়।