মাওয়া-কাওড়াকান্দি ঘাটে পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হওয়ার আগেই পাটুরিয়া-দৌলতদিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হবে। গত শুক্রবার রাতে ফরিদপুরে এক জনসভায় এ কথা বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
শুক্রবার রাতে ফরিদপুরের সদরের নর্থ চ্যানেল ইউনিয়নের গোলডাঙ্গিতে ‘পদ্মার চর মাধ্যমিক বিদ্যালয়’ মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, সরকার নিজস্ব অর্থায়নে মাওয়া-কাওড়াকান্দিতে পদ্মা সেতু নির্মাণ করছে। এই সেতুর নির্মাণকাজ শেষ হওয়ার আগেই পাটুরিয়াতে দ্বিতীয় পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়ে যাবে।
শহীদ সোবাহান ঘাট থেকে গুলজার মণ্ডলের হাট পর্যন্ত ১৩ কিলোমিটার সড়ক, ৯৩ মিটার দৈর্ঘ্যের একটি সেতু ও একটি কালভার্ট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এ জনসভার আয়োজন করে নর্থ চ্যানেল ইউনিয়ন আওয়ামী লীগ।
আবদুর রাজ্জাক মোল্লার সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেসাম হোসেন, ফরিদপুর এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জয়নাল আবেদীন, কোতোয়ালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামচুল আলম চৌধুরী প্রমুখ।