পাটুরিয়ায় যানজট নেই, লঞ্চঘাটে উপচে পড়া ভিড়
ঈদ এলেই দেশের গুরুত্বপূর্ণ পাটুরিয়া ফেরিঘাটে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেলেও এবার তেমন যানজট নেই। তবে লঞ্চঘাটের পরিস্থিতি আগের মতোই। গতকাল রোববার দুপুরের পর থেকে ঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। কয়েকটি লঞ্চ অতিরিক্ত যাত্রী নিয়ে ঘাট ছেড়ে যায়।
এদিকে পাটুরিয়া বাস টার্মিনালের প্রতিটি বাস থেকে অতিরিক্ত টোল নেওয়ার অপরাধে গতকাল বিকেলে টার্মিনালের ইজারাদার আলাল উদ্দিনের কর্মচারী সুমন মোল্লাকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম জিলাল হোসেন তিন হাজার টাকা জরিমানা করেন।
ঘাটসংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, ঈদে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ রাজধানী ঢাকা থেকে পাটুরিয়া ঘাট হয়ে বাড়ি ফেরেন। স্বাভাবিকভাবে এই ঘাটে যাত্রীর চাপে যানবাহনের সংখ্যা বেড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে এবার যানজট নেই। গতকাল থেকে পোশাক কারখানাগুলো ছুটি হওয়ায় বিপুলসংখ্যক শ্রমিক বাড়ির উদ্দেশে যাত্রা করেন। এসব যাত্রীর বেশির ভাগই পাটুরিয়ায় এসে লঞ্চে নদী পার হয়ে রাজবাড়ীর দৌলতদিয়ায় যান। এরপর সেখান থেকে আবার বাসে ওঠেন।
লঞ্চে অতিরিক্ত যাত্রী বহনের ব্যাপারে পাটুরিয়া লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুর রহিম খানের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি। লঞ্চের টিকিট কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার আমিনুর রহমান দাবি করেন, ‘লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছে না।’
মানিকগঞ্জের জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস ও পুলিশ সুপার বিধান ত্রিপুরা গতকাল বিকেলে পাটুরিয়া ঘাট এলাকা পরিদর্শন করেন। এ সময় পুলিশ সুপার বিধান ত্রিপুরা সাংবাদিকদের বলেন, ‘এবার ঘাট এলাকায় ওয়ানওয়ে পদ্ধতি ও অস্থায়ী সড়ক বিভাজক থাকায় যানবাহনগুলো সুশৃঙ্খলভাবে চলাচল করছে। পর্যাপ্তসংখ্যক ফেরি থাকায় এবং গাড়ির চাপ কম থাকায় ঘাটের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’