পাটুরিয়ায় যানজটে নাকাল যাত্রীরা
দূরপাল্লার একটি বাসে করে গতকাল শুক্রবার ফরিদপুর সদরের আলিয়াবাদে গ্রামের বাড়ির উদ্দেশে ঢাকা থেকে রওনা হন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আশিকুর রহমান। সঙ্গে ছিলেন স্ত্রী সাদিয়া আক্তার ও তিন মাসের শিশুসন্তান স্নিগ্ধা। মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া ঘাটে এসে যানজটে আটকা পড়ে বাসটি।
সকাল সাড়ে ১০টার দিকে পাটুরিয়ায় ফেরি টিকিট কাউন্টারের কাছে কথা হয় আশিকুর রহমানের সঙ্গে। তিনি বললেন, সকাল নয়টার দিকে পাটুরিয়া ঘাটের অদূরে নবগ্রাম এলাকায় এসে যানজটে আটকা পড়ে বাসটি। দেড় ঘণ্টায়ও তাঁদের বাসটি ফেরিতে উঠতে পারেনি।
গতকাল এ রকমই হাজারো যাত্রী পাটুরিয়ায় যানজটের কবলে চরম দুর্ভোগে পড়েন। তাঁদের মধ্যে নারী ও শিশুদের ভোগান্তি ছিল বেশি। ভ্যাপসা গরম এবং থেমে থেমে বৃষ্টি যাত্রীদের দুর্ভোগ আরও বাড়িয়ে তোলে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, ফেরিস্বল্পতা ও নদীতে প্রবল স্রোতের কারণে যানবাহন পারাপারে অতিরিক্ত সময় লাগছে। এতে পাটুরিয়ায় যানবাহনের চাপ বেড়ে যানজটের সৃষ্টি হচ্ছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যানবাহন ও যাত্রী পারাপারকারী ছোট-বড় ১৮টি ফেরির অধিকাংশই পুরোনো। নদীতে তীব্র স্রোতের প্রতিকূলে যানবাহন নিয়ে অতিরিক্ত শক্তি ব্যবহার করে ফেরিগুলোকে চলাচল করতে হচ্ছে। এ কারণে মাঝেমধ্যেই বিকল হচ্ছে ফেরিগুলো। গত পাঁচ দিনে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, শাহজালাল, কাবেরী, বনলতা, হাসনাহেনা ও মাধবীলতা—এই ছয়টি ফেরি বিকল হয়। ফেরিগুলো মেরামতের জন্য পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতিতে রাখা হয়েছে। বর্তমানে ১২টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। এতে যানবাহন পারাপারের সংখ্যা কমে গেছে।
সরেজমিনে দেখা যায়, গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত পাটুরিয়ায় তীব্র যানজট। যাত্রীবাহী বাসগুলো দীর্ঘ সারিতে আটকা রয়েছে। এসব যানবাহন পাটুরিয়া ঘাট ছাড়িয়ে উথলী-পাটুরিয়া সড়কের নবগ্রাম পর্যন্ত প্রায় চার কিলোমিটার দীর্ঘ হয়।
স্ত্রী ও ছোট বোনকে নিয়ে গ্রামের বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর গ্রামে ফিরছেন ইমতিয়াজ হোসেন। বেলা দুইটার দিকে তাঁর সঙ্গে কথা হয়। তিনি বলেন, এক ঘণ্টা ধরে যানজটে আটকা আছেন। পাশে খাবার হোটেল থাকলেও কখন গাড়ি ছেড়ে দেয়—এই আশঙ্কায় খাবার খেতে পারেননি। স্ত্রী ও বোনের জন্য রুটি-কলা কিনেছেন।’
দুর্ভোগে ট্রাকশ্রমিকেরা: যানজটে যাত্রী দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে দুই দিন ধরে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাসগুলো পারাপার করা হচ্ছে। এর ফাঁকে ফাঁকে শুধু জরুরি পণ্যবাহী ট্রাক পারাপার করা হচ্ছে। এতে করে পাটুরিয়ায় ট্রাকের সংখ্যাও বেড়ে গেছে। গতকাল বেলা দুইটা পর্যন্ত টার্মিনালে চার শতাধিক পণ্যবাহী ট্রাক পার্ক করা ছিল। দুই থেকে তিন দিন আগে এসব ট্রাক পাটুরিয়ায় এসে আটকা পড়ে।
নারায়ণগঞ্জ থেকে ট্রাকে করে ড্রামভর্তি সয়াবিন তেল নিয়ে যশোরের উদ্দেশে রওনা করে গত বুধবার দুপুরে পাটুরিয়া পৌঁছান চালক এরশাদ আলী। তিনি বলেন, ‘দুই দিন ধরে আটকা আছি। নাওয়া-খাওয়া ঘাটেই করছি। কখন পার হতে পারব জানি না।’
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) জিল্লুর রহমান বলেন, প্রতিবছরই বর্ষাকালে নদীতে স্রোতের কারণে যানবাহন পারাপারে সমস্যা দেখা দেয়।