পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি পারাপারে সময় লাগছে দ্বিগুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদীতে প্রবল স্রোতের কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি পারাপারে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ সময় লাগছে। দৌলতদিয়ার ২ নম্বর ঘাটের র‌্যাম্পের কবজা ভেঙে যাওয়ায় গতকাল মঙ্গলবার সকাল থেকে ঘাটটি বন্ধ রয়েছে। স্রোতের কারণে গত শনিবার থেকে দৌলতদিয়ার ৪ নম্বর ইউটিলিটি ঘাটে সহজে ছোট ফেরি ভিড়তে পারছে না। এসব কারণে দ্রুত গাড়ি পারাপার হতে না পারায় উভয় ঘাটে কয়েক শ গাড়ি আটকা পড়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় সূত্র জানায়, পদ্মা ও যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্রচণ্ড স্রোত দেখা দেয়। স্রোতের কারণে ৪ নম্বর ইউটিলিটি ঘাটে সহজে ছোট ফেরি ভিড়তে পারছে না। একেকটি ফেরি ভিড়তে অনেক সময় লেগে যাচ্ছে। এ ছাড়া ২ নম্বর ঘাটের র‌্যাম্পের কবজা ভেঙে যাওয়ায় গতকাল সকাল আটটার পর থেকে ঘাটটি বন্ধ রয়েছে। যদিও মেরামতের কাজ চলছে। আজ বুধবার দুপুরের আগে ঘাটটি চালু হওয়ার কোনো সম্ভাবনা নেই।

গতকাল বিকেলে দেখা যায়, ২ নম্বর ঘাটের একটি র‌্যাম্পের কবজা ভেঙে যাওয়ায় সেখানে মেরামতের কাজ চলছে। ১ ও ৪ নম্বর ঘাটে বিআইডব্লিউটিএর শ্রমিকেরা ইটের আদলা ও বালুভর্তি জিও ব্যাগ ফেলে ঘাটগুলো সচল রাখার চেষ্টা করছেন। সেখানে কর্তব্যরত বিআইডব্লিউটিসির একজন কর্মকর্তা জানান, আগে স্বাভাবিক সময়ে দৌলতদিয়া থেকে পাটুরিয়ায় যেতে বা আসতে একটি ফেরির সময় লাগত ২৫ থেকে সর্বোচ্চ ৩৫ মিনিট। পদ্মা-যমুনা নদীর পানি অতিরিক্ত বৃদ্ধি পাওয়ায় প্রবল¯স্রোতের কারণে শনিবার থেকে একেকটি ফেরির নদী পাড়ি দিতে ১ ঘণ্টা ১০ মিনিট, কখনো তারও বেশি সময় লাগছে। অন্যদিকে ৪ নম্বর ঘাটে দেখা যায়,¯স্রোতের কারণে ঘাটে ছোট ফেরি সহজে ভিড়তে পারছে না। যানবাহন পারাপার ব্যাহত হওয়ায় দৌলতদিয়া ফেরিঘাট থেকে বাংলাদেশ হ্যাচারিজ পর্যন্ত তিন কিলোমিটারের বেশি লম্বা লাইনে পণ্যবাহী ট্রাক আছে। আর ঘাট থেকে ক্যানাল ঘাট মডেল হাইস্কুল পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ এলাকায় শুধু যাত্রীবাহী বাস আটকে রয়েছে।

ঈগল পরিবহনের ঘাট তত্ত্বাবধায়ক ভরত মণ্ডল গতকাল বিকেল চারটার দিকে বলেন, নদীতে তীব্র স্রোতের কারণে ও ঘাট সংকটে গাড়ি যথাসময়ে পার হতে পারছে না। একদিকে ফেরি পারাপারে দ্বিগুণের বেশি সময় লাগছে, পাশাপাশি ফেরিস্বল্পতা রয়েছে। দুপুর ১২টার দিকে ঘাটে আসা ঈগল পরিবহন এখনো ফেরির নাগাল পায়নি। শুধু তাদের কোম্পানির অন্তত ২০টি যাত্রীবাহী বাস আটকে রয়েছে। তাঁর তথ্য অনুযায়ী, শুধু দৌলতদিয়া প্রান্তে পাঁচ শতাধিক বিভিন্ন গাড়ি আটকে রয়েছে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, বন্ধ থাকা ২ নম্বর ঘাট আজ বুধবার দুপুরের মধ্যে চালুর প্রক্রিয়া চলছে। স্রোতের কারণে ৪ নম্বর ঘাটে ইউটিলিটি ফেরি ভিড়তে অনেক সময় লাগছে। পারাপারে দ্বিগুণের বেশি সময় লাগছে। এ ছাড়া দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের চালু ছোট-বড় ১৭টি ফেরির মধ্যে যান্ত্রিক ক্রটির কারণে সোমবার সকাল থেকে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান বিকল হয়ে আছে। এসব কারণে উভয় ঘাটে বেশ কিছু গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে।