পাটের আঁশ ছাড়ানোর প্রতিযোগিতা

নাটোরের বড়াইগ্রাম উপজেলার তালশো গ্রামে গতকাল শনিবার পাটের আঁশ ছাড়ানোর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বড়াল নদের দুই তীরের তালশো ও খাকশো গ্রামের আটজন শ্রমিক এই প্রতিযোগিতায় অংশ নেন।
প্রথমবারের মতো অনুষ্ঠিত এই প্রতিযোগিতা দেখতে দুই গ্রামের কৌতূহলী কয়েক শ মানুষ ভিড় করেন।
তালশো ও খাকশো গ্রামের বাসিন্দা সূত্র জানায়, প্রতিবছর পাট কাটার মৌসুমে বড়াল নদে পাটের আঁশ ছাড়ানো নিয়ে তালশো ও খাকশো গ্রামের শ্রমিকদের মধ্যে বাহাস হতো। এ বছর তালশো গ্রামের পাটচাষি বাহার উদ্দিন তাঁর পুকুরে গতকাল সকাল আটটা থেকে বেলা তিনটা পর্যন্ত পাটের আঁশ ছাড়ানো নিয়ে প্রতিযোগিতার আয়োজন করেন। এতে উভয় গ্রাম থেকে চারজন করে মোট আটজন শ্রমিক দুই দলে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নেন। উভয় দল চার হাজার টাকা করে মোট আট হাজার টাকা জমা দেন। সকাল আটটায় ৩ হাজার ২০০ আঁটি পাট পুকুরে রাখা হয়। সকাল আটটা থেকে শুরু হয় আঁশ ছাড়ানোর প্রতিযোগিতা। বেলা তিনটা পর্যন্ত তালশো গ্রামের শ্রমিকেরা সর্বোচ্চ ১ হাজার ২৩১ আঁটি পাটের আঁশ ছাড়িয়ে বিজয়ী হন। পুরস্কার হিসেবে তাঁদের হাতে তুলে দেওয়া হয় আট হাজার টাকা। বিজয়ী দলে অংশ নিয়েছিলেন শুকন আলী, জাহিদ হোসেন, স্বপন আলী ও সোলেমান আলী। প্রতিদ্বন্দ্বী দল ১ হাজার ২০৫ আঁটি পাটের আঁশ ছাড়াতে সক্ষম হন। প্রতিযোগিতা শেষে উদ্যোক্তা উভয় দলের জন্য ভূরিভোজের আয়োজন করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে উদ্যোক্তা বাহার উদ্দিন বলেন, পাটের আঁশ ছাড়ানো কঠিন কাজ। এ কাজে অংশগ্রহণে আগ্রহী করা এবং শ্রমিকদের মধ্যে আনন্দ দিতেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।