পাটের আঁশ ছাড়াতে প্রতি ঘণ্টায় মজুরি ১০০ টাকা!
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে তিন হাজার হেক্টর বেশি জমিতে পাট চাষ হয়েছে। কিন্তু শ্রমিকের সংখ্যা কমেছে। এ কারণে পাটের আঁশ ছাড়ানো নিয়ে বেকায়দায় পড়েছেন চাষিরা। এ কাজের জন্য শ্রমিকেরা প্রতি ঘণ্টায় ১০০ টাকা পর্যন্ত পারিশ্রমিক আদায় করছেন।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, এ বছর বড়াইগ্রামে ৫ হাজার ৬৮৮ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়। সেখানে ৮ হাজার ৬৫৯ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। পাটের বাজারমূল্যও খুব একটা খারাপ নয়। কিন্তু এরপরও চাষিদের মুখে হাসি নেই। কারণ, এ বছর পাট উৎপাদনের খরচ অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি হয়েছে। চড়া পারিশ্রমিক দিয়েও আঁশ ছাড়ানোর জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না। এর ফলে চাষিদের কেউ কেউ জমি থেকে এখনো পাট কাটতে পারেননি।
কালিকাপুর গ্রামের চাষি দুলাল শেখ জানান, শ্রমিক খুঁজতে তিনি পাঁচটি গ্রাম ঘুরেছেন। দু-একজন ছাড়া কেউ কাজে আসতে রাজি হচ্ছেন না। যাঁরা রাজি হচ্ছেন, তাঁরা প্রতি ঘণ্টায় পারিশ্রমিক চাচ্ছেন ১০০ টাকা।
উপজেলা কৃষি কর্মকর্তা ইকবাল আহমেদ জানান, লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় তিন হাজার হেক্টর জমিতে পাট চাষ বেশি হয়েছে। কিন্তু সে তুলনায় এলাকায় শ্রমিকের সংখ্যা বাড়েনি। তাই শ্রমিক-সংকটে আছেন পাটচাষিরা।