পাটের ক্ষতি পুষিয়ে নিতে অধিক জমিতে মরিচ চাষ
এ বছর পাটের দাম কম হওয়ায় লোকসান পুষিয়ে নিতে বগুড়ার চরাঞ্চলের কৃষকেরা গত বছরের তুলনায় বেশি জমিতে মরিচ চাষ করছেন। এ বছর মরিচের ভালো দাম পাওয়ায় মরিচ চাষে তাঁদের আগ্রহ বেড়েছে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, বগুড়ায়, বিশেষ করে যমুনা নদী-তীরবর্তী এলাকায় ব্যাপক হারে মরিচের চাষ হচ্ছে। গত বছর মরিচ চাষের লক্ষ্যমাত্রা ছিল প্রায় আট হাজার হেক্টর। চাষাবাদ হয়েছে নয় হাজার ৫০ হেক্টরে। উৎপাদন হয়েছে ১৫ হাজার ৭৭১ মেট্রিক টন। এ বছর ইতিমধ্যে সাড়ে আট হাজার হেক্টর জমিতে মরিচের চাষ হয়েছে। কৃষি বিভাগ মনে করছে, এ বছর ১০ হাজার হেক্টরের বেশি জমিতে মরিচ চাষ হবে।কৃষি বিভাগের হিসাবমতে, সারা দেশের এক-তৃতীয়াংশ মরিচ বগুড়ায় উৎপাদিত হয়। যমুনা-তীরবর্তী সারিয়াকান্দি, সোনাতলা, ধুনট ও গাবতলী উপজেলায় সবচেয়ে বেশি মরিচ চাষ হয়। জেলার মরিচ চাষের লক্ষ্যমাত্রার দুই-তৃতীয়াংশ এই চার উপজেলা থেকে পূরণ হয়। এ বছর ইতিমধ্যে সারিয়াকান্দি উপজেলায় প্রায় পাঁচ হাজার হেক্টর, সোনাতলায় এক হাজার ৭৫০ হেক্টর, ধুনটে ৫০০ হেক্টর ও গাবতলীতে ২৫০ হেক্টর জমিতে মরিচের চাষ হয়েছে।সারিয়াকান্দি উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় এখন পর্যন্ত চার হাজার ৭২৫ হেক্টর জমিতে মরিচের চাষ হয়েছে। চাষিরা জানান, নভেম্বর মাসজুড়ে মরিচের চাষ হবে। বর্তমানে সাত-আট হাজার টাকা মণ দরে চাষিরা গত বছরের মরিচ বিক্রি করেছেন। এক বিঘা জমিতে মরিচের চাষ করতে ১০-১৫ হাজার টাকা খরচ হয়। প্রতি বিঘায় মরিচ হয় গড়ে সাত মণ।ধুনটের বেলকুচি গ্রামের চাষি তোজাম্মেল হক বলেন, ‘এ বছর পাট চাষ করে সব শেষ হয়ে গেছে। লোকসান পোষাতে এবার পাঁচ বিঘা জমিতে মরিচ চাষ করেছি।’ শৈলমারী গ্রামের আজাহার আলী বলেন, পাটের চেয়ে মরিচে লাভ বেশি।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক একরাম হোসেন জানান, এ বছর পাটচাষিদের লোকসান হয়েছে। তবে মরিচের দাম ভালো পাওয়ায় চাষিরা অধিক জমিতে মরিচ চাষ করছেন।