পাটের অণুজীব পর্যায় নিয়ে এখন পর্যন্ত মানুষের জ্ঞান খুব কম। এ বিষয়ে খুব সামান্যই গবেষণা হয়েছে। কিন্তু অণুজীববিষয়ক গবেষণাকে পাশ কাটিয়ে পাটের জিনগত উন্নয়ন সম্ভব হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জৈব রসায়ন ও অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক হাসিনা খান গতকাল মঙ্গলবার রাজধানীর এশিয়াটিক সোসাইটিতে এক বক্তৃতায় এ কথা বলেছেন। এশিয়াটিক সোসাইটি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে হাসিনা খান ‘ইমার্জিং ডিরেকশন অব জুট জেনোম টেকনোলজি’ শীর্ষক এক বক্তৃতা করেন। বক্তৃতায় তিনি পাটের জীবনবৈশিষ্ট্য নিয়ে আলোকপাত করেন। হাসিনা খান বলেন, অণুজীব বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি নিয়ে গবেষণা করলে পাটের এমন উন্নত জাত উদ্ভাবন করা সম্ভব হবে, যা প্রতিকূল পরিবেশসহিষ্ণু হবে। এর উদ্ভিদগত বৈশিষ্ট্যের উন্নতি হবে। তিনি বলেন, পাটের ডিএনএর মধ্যে এমন বৈশিষ্ট্য রয়েছে, যা লবণাক্ততা সহ্য করতে পারে না। অন্য কোনো উদ্ভিদ থেকে বা বিশ্বের অন্য অঞ্চলে চাষ হওয়া লবণাক্ততাসহিষ্ণু জাতের সহায়তা নিয়ে দেশে লবণাক্ততাসহিষ্ণু জাত উদ্ভাবন করা সম্ভব। পাটের জীবনরহস্য উন্মোচনের গবেষণায় যুক্ত থাকার অভিজ্ঞতা তুলে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক বলেন, ‘২০০৯ সালে আমরা যখন গবেষণাটি শুরু করি তখন পাটের ডিএনএ বিষয়ে কোনো তথ্য আমাদের কাছে ছিল না। আমরা গবেষণা করে তা বের করেছি। এর ফলে পাটের জীবনরহস্য উন্মোচন সহজ হয়েছে।’ বিশ্বের বেশির ভাগ দেশে বিজ্ঞানের গুরুত্বপূর্ণ গবেষণাগুলো বিশ্ববিদ্যালয় পর্যায়ে হয়ে থাকে—এ কথা উল্লেখ করে হাসিনা খান বলেন, বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান গবেষণায় সরকারি সহায়তা খুব সামান্য। এ ক্ষেত্রে উপকরণ ও কারিগরি সহায়তাও খুব একটা পাওয়া যায় না। এ কারণে দেশের মেধাবী শিক্ষার্থীরা ইউরোপ ও আমেরিকার দেশগুলোতে পিএইচডি গবেষণার জন্য চলে যান। সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনেক উন্নত মানের গবেষণা হয়েছে। এখানে বিশ্বমানের অনেক মেধাবী শিক্ষক ও শিক্ষার্থী রয়েছেন। তাঁদের দেশের কাজে লাগাতে হবে।