পাটের তৈরি ছোট বাড়ি
দূর থেকে মনে হবে যেন লাল-সবুজের কাপড় দিয়ে ছোট বাড়িটি ঘেরা। বাতাসে ঢেউ খেলছে এর চারপাশ। কাছে গেলেও ঢেউয়ের খেলা আরও নজর কাড়বে। তবে সেটি বাতাসের নয়, টিনের। এই টিন দস্তা দিয়ে তৈরি নয়; পাট থেকে পাওয়া চট দিয়ে বানানো। এই চট বিছিয়ে পরিবেশবান্ধব পলিমারের প্রলেপ দিয়ে তৈরি করা হয় একধরনের টিন, যার নাম জুটিন। ইংরেজিতে জুট আর টিনের সন্ধি করে এর নামকরণ করেছেন পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের বৈজ্ঞানিকেরা। তাঁরা এই জুটিনের আবিষ্কারক।
বছর চারেক আগে ২০১২ সালে জুটিন করা হয়। সাভারে পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের একপাশে নির্মাণ করা হয় জুটিনের ছোট্ট বাড়িটি। লাল-সবুজের এই বাড়ি দেখলে পুরো বাংলাদেশ চোখের সামনে চলে আসবে। নজরে আসবেই তো, কারণ গাঁয়ের ছোট ছোট বাড়ির নকশায় এ বছরের এপ্রিল মাসের দিকে গড়া হয়েছে বাড়িটি। জুটিনের আবিষ্কারকেরা বাড়িটিকে ‘পাটের বাড়ি’ বলে থাকেন।
আপাতত এই বাড়িতে রয়েছে ছোট একটি ঘর। ১২ ফুট চওড়া ও ১১ ফুট লম্বা, সব মিলিয়ে ১৩২ বর্গফুট আয়তনে ঘর। ঘরের সামনে আছে ছোট একটি বারান্দা। এই বারান্দা পেরিয়ে সবুজ রঙের দরজা খুলে ঘরটিতে যেতে হয়। দরজার দুপাশে লাল রঙে দুটি জানালা বসানো হয়েছে। বাড়ির মাচাও জুটিন বিছিয়ে ঢালু করা হয়েছে। বাড়ির মেঝে সিমেন্ট দিয়ে পাকা করা হয়েছে। সব মিলিয়ে পাটের বাড়ির নির্মাণ ব্যয় এক লাখ টাকার মতো।
পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের বৈজ্ঞানিকেরা জানান, জুটিন বা পাটের টিন সূর্যের তাপ প্রতিরোধ করতে পারে। তাই এ ধরনের টিন দিয়ে তৈরি ঘরও তুলনামূলক ঠান্ডা থাকবে।
চট দিয়ে তৈরি হলেও জুটিন সহজে ভাঙে না। সাধারণ টিন বেঁকে গেলেও জুটিনকে বাঁকানো বেশ কঠিন। বাড়িটির তত্ত্বাবধায়ক মো. ইব্রাহিম বলেন, ‘ছাদে উঠে প্রতিদিন পাতা পরিষ্কার করছি। কিন্তু একটি টিনও এখন পর্যন্ত ভাঙেনি।’
এ ছাড়া জুটিনে মরচে পড়ার আশঙ্কা একেবারেই নেই। এমনটি দাবি করলেন পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক (ডিজি) ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুবারক আহমেদ খান। তিনি প্রথম আলোকে বলেন, জুটিনের ঘর শত বছর টিকে থাকতে পারবে। বাংলাদেশের পতাকার আদলে লাল-সবুজ রং দিয়ে জুটিনের বা পাটের বাড়ি তরি করা হয়েছে। ইচ্ছে করলে যেকোনো রঙের জুটিন তৈরি করা যায়। এই জুটিন শহরাঞ্চলে বাড়ির ছাদে ব্যবহার করা যায়।
জুটিনের আবিষ্কারকেরা জানান, প্রতি বর্গফুট জুটিন তৈরি করতে বর্তমানে খরচ পড়ছে ৫০ টাকার মতো। যেখানে সাধারণ টিনের মূল্য প্রতি বর্গফুট প্রায় ৭০ টাকা। বাণিজ্যিকভাবে জুটিন তৈরি করা হলেও এই খরচ আরও কমে আসবে বলে তাঁরা মনে করেন।
আরও কম খরচে জুটিন তৈরির গবেষণাও চলছে পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানে। পাটকলে চট তৈরির সময় বর্জ্য ব্যবহার করে জুটিন তৈরি করা হয়েছে। এটিকে মজবুত করার উপায় বের করা হচ্ছে।
পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের ডিজি ড. মুবারক আহমেদ খান বলেন, চট বিছিয়ে পরিবেশবান্ধব পলিমারের প্রলেপ দেওয়া হয়। এরপর দুপাশে টিনের ছাঁচ বা ডাইস দিয়ে গরম করে জুটিন করা হয়। ইচ্ছে করলে একাধিক স্তর বা লেয়ার বাসিয়ে আরও মজবুত জুটিন করা যেতে পারে।
পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের পাট ও পলিমারের মিশ্রণে একই পদ্ধতিতে তৈরি করা হয়েছে চেয়ার, টেবিল, টাইলস, রান্নাঘরের বেসিন, মোটরসাইকেল আরোহীদের হেলমেট, শৌচাগারের কমোড ও প্যান। এসব পণ্য বাণিজ্যিকভাবে উৎপাদনে আগ্রহ দেখিয়েছে বেসরকারি কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান।