পাটের তৈরি শাড়ি চাইলেন স্পিকার
পাটের প্রতি ভালোবাসা বাড়াতে প্রতিমন্ত্রীর কাছে পাটের তৈরি শাড়ি উপহার চাইলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে পাট বিল, ২০১৬ পাসের সময় তিনি এ উপহার চান।
জবাবে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম আগামী ৬ মার্চ জাতীয় পাট দিবসের আগেই স্পিকারকে পাটের তৈরি শাড়ি উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন। গতকাল ছিল বিশ্ব ভালোবাসা দিবস। স্পিকারসহ বেশির ভাগ নারী সদস্য গতকাল লাল শাড়ি পরে অধিবেশনে যোগ দেন।
বিলসম্পর্কিত নোটিশের ওপর আলোচনায় বিরোধীদলীয় সদস্যরা পাটজাত শিল্পের উন্নয়নে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করায় সরকারের সমালোচনা করেন। জবাবে প্রতিমন্ত্রী পাটজাত পণ্যের উন্নয়নে সরকারের গ্রহণ করা বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন। এ সময় স্পিকার প্রতিমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘আমরা পাটের সুতার তৈরি শাড়ি পেলে পাটের প্রতি আমাদের বেশি ভালোবাসা জন্ম নেবে।’
এরপর জাতীয় পার্টির সদস্য কাজী ফিরোজ রশীদ বিলের ওপর আলোচনা করতে গিয়ে বলেন, ‘আমি আশা করব আগামী ভালোবাসা দিবসে আমাদের প্রতিমন্ত্রী মহোদয় মাননীয় স্পিকারকে একটি লাল শাড়ি উপহার দেবেন।’