পাটের দাম কমে যাওয়ায় চাষিরা বিপাকে
এক সপ্তাহের ব্যবধানে পঞ্চগড়ের বিভিন্ন হাটবাজারে পাটের মূল্য মণপ্রতি ৪০০ টাকা পর্যন্ত কমে যাওয়ায় প্রান্তিক ও ক্ষুদ্র চাষিরা বিপাকে পড়েছেন।
গত মঙ্গল ও বুধবার সদর উপজেলার জগদল, শালবাহান, ভজনপুর ও বোদা উপজেলার ময়দানদীঘি, নগরকুমারীসহ বিভিন্ন হাটবাজারের ব্যবসায়ী ও কৃষকদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
সদর ও বোদা উপজেলার পাট ব্যবসায়ী ও কৃষকেরা জানান, মৌসুমের শুরুতে ভালো মানের তোষা পাট এক হাজার ৪০০ থেকে দেড় হাজার টাকায় বিক্রি হয়েছে। কিন্তু এখন সেই পাট ৯০০ থেকে এক হাজার ১০০ টাকায় বিক্রি করতে হচ্ছে। জেলায় এখনো সরকারিভাবে কোনো পাটকল পাট কিনছে না।
তবে বেসরকারি জেম জুট মিলের মহাব্যবস্থাপক আবদুল জলিল জানান, তাঁদের মিলের প্রতিবছর সাড়ে তিন হাজার মণ পাট লাগে। এবার তাঁরা মানভেদে ৮৭৫ থেকে এক হাজার ৪০০ টাকা মণ দরে পাট কিনছেন।
জগদলের পাট ব্যবসায়ী আবদুর রহিম জানান, মৌসুমের শুরুতে পাটের যে দাম পাচ্ছিলেন, তা লাভজনকই ছিল। তখন এক হাজার ২০০ থেকে এক হাজার ৪০০ টাকায় পাট বিক্রি করতে পেরেছেন। এক সপ্তাহ পরেই এই দাম ৯০০ থেকে এক হাজার ১০০ টাকায় নেমে এসেছে।