পাটের দাম কমে যাওয়ায় চাষিরা বিপাকে
পাটের দাম কমে যাওয়ায় রংপুরের তারাগঞ্জ উপজেলার চাষিরা বিপাকে পড়েছেন। উপজেলার হাটবাজারগুলোতে দুই সপ্তাহ আগেও প্রতি মণ পাট ৯৫০ টাকায় বিক্রি হয়েছে। দাম কমে এখন প্রতি মণ পাট ৮০০ থেকে ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় এক হাজার ৩০০ হেক্টর জমিতে পাটের চাষ হয়েছে। গত বছর দাম ভালো পাওয়ায় চাষিরা ব্যাপক আগ্রহ নিয়ে এবার পাট চাষ করেছিলেন। কিন্তু এবার বিছাপোকার আক্রমণে পাটের ক্ষতির পাশাপাশি বৃষ্টির অভাবে কৃষকেরা ভালোভাবে পাট জাগ দিতে পারেননি। এতে পাটের মান ভালো হয়নি। এখন এসব পাটের দাম কমে যাওয়ায় চাষিরা বিপাকে পড়েছেন।
উপজেলার বিভিন্ন হাটবাজারে খোঁজ নিয়ে ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখন প্রতি মণ পাট ৮০০ থেকে ৭৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে চাষিরা দাবি করেন, এক সপ্তাহ আগেও পাট ৯৫০ টাকা মণ দরে বিক্রি হয়েছে।
তারাগঞ্জ হাটে পাট বিক্রি করতে আসা জগদীশপুর গ্রামের কৃষক সাইদুল হক (৬০) জানান, ১৪ হাজার টাকা খরচ করে এক একর জমিতে তিনি পাট পেয়েছেন ১৪ মণ। পাটের দাম কম হওয়ায় তাঁর এবার তিন হাজার টাকার বেশি লোকসান হয়েছে। তাঁর মতো অনেকেই এবার পাট চাষ করে ক্ষতির সম্মুখীন হয়েছেন।
সরকারপাড়া গ্রামের কৃষক আবদুস সালাম জানান, এবার পানির কারণে তাঁদের বেশি সমস্যা হয়েছে। এ ছাড়া পাটের দামও কম। এতে পাট চাষ করে তাঁদের ক্ষতির সম্মুখীন হতে হয়েছে।
পাট ব্যবসায়ী সফিকুল ইসলাম জানান, পাটের মান ভালো না হওয়ায় ও আমদানি হঠাৎ বেড়ে যাওয়ায় দাম কমে গেছে।