পাটের দাম নিয়ে বিপাকে কৃষক
এক সপ্তাহের ব্যবধানে কুড়িগ্রামের উলিপুরের বিভিন্ন হাট-বাজারে পাটের দাম মণপ্রতি ৫০০ টাকা কমে যাওয়ায় প্রান্তিক ও ক্ষুদ্র চাষিরা বিপাকে পড়েছেন।
গতকাল বুধবার উপজেলার পৌরহাট, দুর্গাপুর, থেতরাই, বজরা, মণ্ডলেরহাটসহ বিভিন্ন হাট-বাজারে ব্যবসায়ী ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক সপ্তাহ আগে ভালো মানের তোষা পাট এক হাজার ৪০০ টাকা থেকে দেড় হাজার টাকায় বিক্রি হয়েছে। কিন্তু এক সপ্তাহ ধরে সেই পাট ৯০০ থেকে এক হাজার টাকায় বিক্রি হচ্ছে।
উপজেলায় সরকারি পর্যায়ে বাংলাদেশ জুটমিলস করপোরেশনের (বিজেএমসি) আওতাধীন স্টার জুটমিলে পাটক্রয়ের লক্ষ্যমাত্রা ৫৫ হাজার মণ ও জাতীয় জুটমিলের লক্ষ্যমাত্রা ৬০ হাজার মণ ধরা হয়। বেসরকারি পর্যায়ে নবারুণ জুটমিলের লক্ষ্যমাত্রা ধরা হয় ২৫ হাজার মণ। কিন্তু অর্থসংকটের কারণে পাটকেন্দ্রগুলো কৃষকদের কাছ থেকে পাট কিনতে পারছে না। এই সুযোগে স্থানীয় পাট ব্যবসায়ী ও ফড়িয়ারা কম দামে পাট কিনছেন।
স্টার জুটমিলের ভারপ্রাপ্ত ক্রয় কর্মকর্তা আবদুল ওহাব জানান, মিল কর্তৃপক্ষ অর্থ না দেওয়ায় সরাসরি কৃষকদের কাছ থেকে পাট কেনা সম্ভব হচ্ছে না। উলিপুর পৌরহাটে পাট বিক্রি করতে আসা স্থানীয় কৃষক হায়দার আলী জানান, অনাবৃষ্টির কারণে পাট জাগ দিতে সমস্যা হওয়ায় সেচ দিয়ে পাট জাগ দিতে হয়েছে। ফলে পাটের রং তেমন ভালো না হওয়ায় কাঙ্ক্ষিত দাম পাওয়া যাচ্ছে না।
পাট ব্যবসায়ী সেকেন্দার আলী বলেন, ‘গত বছর নারায়ণগঞ্জের একটি মিলে পাট দিয়ে এখনো বকেয়া টাকা পাইনি। সে কারণে পুঁজির অভাবে বেশি দামে পাট কেনা সম্ভব হচ্ছে না।’ উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, সরকারি ক্রয়কেন্দ্রগুলো পাট কেনা শুরু করলে বাজার পরিস্থিতির উন্নতি হবে।