অনেক শ্রম দিয়ে ও টাকা খরচ করে পাট চাষ করে দাম পেতেন না কিশোরগঞ্জের নিকলী উপজেলার কৃষকেরা। অনেক বছর পর এবার ভালো দামে বাজারে পাট বিক্রি করছেন তাঁরা। উৎপাদন খরচ বাদ দিয়ে ভালো লাভও পাচ্ছেন তাঁরা। তাই এবার তাঁদের মুখে হাসির ঝিলিক দেখা গেছে।
কয়েকজন কৃষক জানান, দুই বছর ধরে পাটের দাম বেশি হওয়ায় অনেক কৃষক আবার পাট চাষের প্রতি আগ্রহ দেখাচ্ছেন। যাঁরা একেবারে পাট চাষ ছেড়ে দিয়েছিলেন, তাঁরাও স্বল্প পরিসরে পাট চাষ করছেন।
উপজেলার সাজনপুর গ্রামের পাটচাষি বাবুল মিয়া জানান, তিনি ২৫ শতাংশ জমিতে পাট চাষ করেন। জমিতে চাষ, সার, আগাছা পরিষ্কার, পাট কাটাসহ বিভিন্ন খাতে তাঁর খরচ হয় পাঁচ হাজার টাকা। ওই জমিতে উৎপাদিত পাট বাজারে বিক্রি করে পেয়েছেন ১৫ হাজার টাকা।
ধারিশ্বর গ্রামের নুরুল ইসলাম মিয়া জানান, তিন বছর আগেও এক মণ পাটের দাম ছিল ৮০০ থেকে ৯০০ টাকা। গত বছর প্রতি মণ পাটের দাম ছিল ১৪০০ থেকে ১৫০০ টাকা। এ বছর প্রতি মণ পাটের দাম ১৮০০ থেকে ১৯০০ টাকা। তিনি আরও জানান, এ বছর তিনি এক একর (১০০ শতাংশ) জমিতে পাট চাষ করেন। উৎপাদন খরচ বাদ দিয়েও তাঁর লাভ হয়েছে ৩০ হাজার টাকা। বেশি লাভ হওয়ায় তাঁর মুখে এখন হাসির ঝিলিক। তিনি বলেন, আগে পাটের দাম কম থাকায় ওই সব জমিতে ধঞ্চের চাষ করতাম জ্বালানির জন্য। দুই বছর ধরে ধঞ্চের পরিবর্তে পাট চাষ করে লাভবান হওয়ায় আগামী বছর এ এলাকায় আরও বেশি পাটের চাষ হবে।
নিকলী সদর ইউনিয়নের বানিয়াহাটি গ্রামের কৃষক আবদুর রশিদ বলেন, বোরো মৌসুমে ১১০ শতাংশ জমিতে ধান চাষ করে আমার ১২ হাজার টাকা লোকসান হয়েছে। ওই জমিতেই আবার আমি ও কারার শহীদ মিয়া মিলে পাট চাষ করেছি। সব খরচ বাদ দিয়ে লাভ হয়েছে ৩৬ হাজার টাকা। কারার শহীদ মিয়া বলেন, পাট চাষে কৃষকের যেমন লাভ হয়, তেমনি পাটশলা দিয়ে কৃষকের জ্বালানি সংকটও মিটে। এতে কৃষক দুভাবে লাভবান হচ্ছেন।
বাজিতপুর উপজেলার সরারচর বাজারের পাটের পাইকার সুলতান মিয়া, আকরাম মিয়া ও জসিম উদ্দিন বলেন, তাঁরা বর্তমানে কৃষকদের কাছ থেকে প্রতি মণ পাট ১৮০০ থেকে ১৯০০ টাকায় কিনে বিভিন্ন পাটকলে ২০০০ থেকে ২০৫০ টাকায় বিক্রি করছেন। বাজারে যদি পাটের দাম এ রকম থাকে, তবে কৃষকের পাশাপাশি তাঁদেরও লাভ হবে।
নিকলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন অর রশীদ প্রথম আলোকে জানান, গত বছরের তুলনায় এ বছর দ্বিগুণ অর্থাৎ মোট ৬২২ একর জমিতে পাট চাষ হয়েছে। অন্যদিকে দাম বেশি পাওয়ায় কৃষকদের মধ্যে পাট চাষের প্রতি আগ্রহ বেড়েছে।